প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ বাড়ানোর আগ্রহ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠক | ছবি: সংগৃহীত
0

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল-খেরেইজি। বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বৈঠকে সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে সৌদি আরব আন্তরিকভাবে আগ্রহী।

তিনি বলেন, বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব।

বৈঠকে সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন ওয়ালিদ এল-খেরেইজি।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলতে চায়।

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিনিয়োগের জন্য এখন অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারে বাংলাদেশ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এ খাতে সৌদি কোম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।

বৈঠকের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানান দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রী আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন।

বৈঠকে সৌদি প্রতিনিধিদলে ছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল সুলাইমান বিন আবদুল আজিজ আল-ইয়াহইয়া, কনস্যুলারবিষয়ক উপমন্ত্রী ড. মোহাম্মদ আল-শাম্মারি, মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ইসা, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন আবিয়াহসহ দেশটির পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

ইএ