একটি মহলের কারণে আমরা জুলাইয়ের প্রত্যাশা পূরণ করতে পারিনি: জামায়াত আমির

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
জামায়াত আমির ডা. শফিকুর রহমান | জামায়াত আমিরের ফেসবুক
0

একটি রাজনৈতিক দলের দিকে ইঙ্গিত করে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘একটি মহলের কারণে আজও জুলাইয়ের প্রত্যাশা পূরণ করতে পারিনি।’ আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) তিনি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেয়া এক শুভেচ্ছা বার্তায় এ কথা জানান।

জামায়াতে আমির বলেন, ‘ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ-ভিত্তিক এবং সুশাসন ও ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারা বুকের তাজা রক্ত দিয়ে এ জাতিকে এক মহৎ ঋণে আবদ্ধ করে গেছেন। আমরা তাদের কাছে চির ঋণী। একটি মহলের কারণে আমরা তাদের সেই প্রত্যাশা আজও পূরণ করতে পারিনি। এখনো আমাদের লড়াই-সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে।’

তিনি বলেন, ‘আমাদের শপথ নিতে হবে শহিদদের রক্ত যেন কোনোভাবেই বৃথা না যায়। বীর শহিদদের রক্তের ঋণ আমরা কেবল তখনই আংশিক পরিশোধ করতে পারবো, যখন একটি বৈষম্যহীন, পূর্ণাঙ্গ গণতান্ত্রিক, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার-ভিত্তিক ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়তে সক্ষম হবো।’

এসময় ডা. শফিকুর রহমান জুলাই গণঅভ্যুত্থান শহিদ এবং আহত হওয়া সকলের প্রতি গভীর সমবেদনা ও কৃতজ্ঞতা জানান।

বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল উল্লেখ করে বলেন, ‘দেশের মুক্তিকামী সর্বস্তরের মানুষ জালিম শাসকগোষ্ঠীর রক্ত চক্ষু, গুলি, বোমা উপেক্ষা করে স্বৈরশাসনের শৃঙ্খল ভেঙে বৈষম্যমুক্ত এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশব্যাপী দুর্বার গণআন্দোলন গড়ে তোলে। ফলে গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা তার দলের শীর্ষস্থানীয় নেতা ও মন্ত্রী-এমপিদের নিয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। এ সবই জুলাই গণআন্দোলনের গৌরবময় ফসল।’

ইএ