বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কিছু করবে না ভারত, আশ্বস্ত করেছে: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে ভারত কোনো ধরনের কর্মকাণ্ড করবে না বলে দেশটি বাংলাদেশকে আশ্বস্ত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

আজ (সোমবার, ১০ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে দুই দেশের বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করে কোনো ধরনের কর্মকাণ্ড না করার বিষয়ে ভারত আশ্বস্ত করেছে।’

তিনি বলেন, ‘দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি ভারতীয় হাইকমিশনারকে জানানো হয়েছে।’

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারপারসন হিসেবে তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত।’

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেয়ার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

জেআর