অন্তর্ভুক্তিমূলক সমাজ ও মানবিক বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: সমাজকল্যাণমন্ত্রী

ডা. এ জেড এম জাহিদ হোসেন
ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
0

সরকার একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ ও মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাব কর্তৃক আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘শিশু, কিশোর, তরুণ এবং বয়স্ক সবাইকে সমান গুরুত্ব দিয়েই কাজ করছে সরকার।’

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে দেশকে এগিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘প্রেসক্লাবের অধীনে একটি “সাংস্কৃতিক একাডেমি” বা “শিশু বিকাশ কেন্দ্র” গঠন করা উচিত। যেখানে শিশুরা পড়াশোনার পাশাপাশি গান, নাচ, আবৃত্তি, ছবি আঁকা এবং গল্প বলার মতো সৃজনশীল কাজগুলো শিখতে পারবে।’

আরও পড়ুন:

এটি একটি কাঠামোগত রূপ পেলে দীর্ঘমেয়াদী সুবিধা হবে বলেও জানান তিনি। জাতীয় প্রেসক্লাবের এই উদ্যোগকে আরও কার্যকর করতে তিনি এটিকে বাংলাদেশ শিশু একাডেমির সঙ্গে সম্পৃক্ত করার পরামর্শ দেন।

এমন উদ্যোগ নিলে সরকারের অন্যান্য প্রতিষ্ঠান ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের পাশে দাঁড়াবে বলেও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব জাহিদুল ইসলাম রনিসহ অনেকে।

এসএস