তিনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত হয়েছে।’
চিফ হুইপ জানান, আগামীকাল (বৃহস্পতিবার, ২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ হবে। বিকেল ৫টার পর শুরু হবে ভোট গণনা। গণনা শেষে সংসদ কক্ষেই ফলাফল ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও থাকবে বলে জানান তিনি। ভোট শুরু হওয়ার ২০ মিনিট আগে থেকে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও দুই রাষ্ট্রপতি প্রার্থীর ভোট দেয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। একইভাবে ভোট গ্রহণ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করা হবে।
নূরুল ইসলাম মনি বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি মাহেন্দ্রক্ষণ।’ এ নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন করে শুরু হবে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার ও বিরোধীদল মিলেই গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায় উল্লেখ করে চিফ হুইপ বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচন সেই গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ অংশ।’
আগামীকাল জাতীয় সংসদের সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন সংসদ সদস্যরা। দুই প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।
জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। ভোট শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেবেন।





