বিতর্ক-গণিত-বিজ্ঞানে মুখর শাহীন কলেজের আন্তঃশাহীন প্রতিযোগিতা

শাহীন কলেজের আন্তঃশাহীন প্রতিযোগিতা
শাহীন কলেজের আন্তঃশাহীন প্রতিযোগিতা | ছবি: সংগৃহীত
0

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশ, জ্ঞানচর্চা এবং সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরির লক্ষ্যে বিএএফ শাহীন কলেজ ঢাকার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশাহীন বিতর্ক, কুইজ, গণিত, বিজ্ঞান ও স্পেলিং প্রতিযোগিতা-২০২৬।

চার দিনব্যাপী এ প্রতিযোগিতা ১৬ থেকে ১৯ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী পরিচালিত ১০টি বিএএফ শাহীন স্কুল ও কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী এতে অংশ নেয়। পাঁচটি ইভেন্টের আটটি শাখায় শিক্ষার্থীরা প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক পরিবেশে অংশগ্রহণ করে।

গতকাল (বুধবার, ১৯ আগস্ট) শাহীন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ।

শাহীন কলেজের আন্তঃশাহীন প্রতিযোগিতা | ছবি: সংগৃহীত

এর আগে, গত ১৬ আগস্ট বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এবং কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাইদুর রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হয়।

আরও পড়ুন:

সমাপনী অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন বিএএফ শাহীন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান বিএএফ শাহীন কলেজ ঢাকার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী।

সমাপনী পর্বে বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজ ও বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার মধ্যে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও উপস্থাপনার দক্ষতা প্রকাশ পায়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞানচর্চায় উৎসাহিত করা, সৃজনশীলতা ও মেধার বিকাশ ঘটানো এবং পারস্পরিক সৌহার্দ্য ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরিই এ আয়োজনের মূল লক্ষ্য।

বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

এফএস