ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি থাকবেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, অ্যাপটির মাধ্যমে নির্ধারিত কর্মস্থলের জিপিএস-ভিত্তিক ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থান করলেই কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দিতে পারবেন। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
হাজিরার তথ্য তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ড্যাশবোর্ডে আপডেট হবে। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তারা যেকোনো অফিসের উপস্থিতির তথ্য সরাসরি পর্যবেক্ষণ করতে পারবেন। ভুয়া লোকেশন ব্যবহার বা নির্ধারিত সীমানার বাইরে অবস্থানের চেষ্টা হলে স্বয়ংক্রিয় সতর্কবার্তাও পাওয়া যাবে।
আরও পড়ুন:
এছাড়া সরকারি কাজে বাইরে গেলে ‘সাইট ভিজিট’ ফিচারে কারণ উল্লেখ করা এবং অ্যাপের মাধ্যমে ছুটির আবেদন ও হিসাব রাখার সুবিধা থাকবে। কারিগরি সহযোগিতা দিচ্ছে পারাল্যাক্সলজিক ইনফোটেক (পিএলএক্স)।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলায় অ্যাপটির পাইলটিং চলছে। ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিকভাবে এর আওতায় আনা হয়েছে। পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণ করা হবে।
ভূমি মন্ত্রণালয়ের ভাষ্য, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর পাশাপাশি জনসেবা আরও সহজ ও গতিশীল করতে সহায়তা করবে।
এর আগে, গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব দিয়েছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সেই ধারাবাহিকতায় এবার অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে।




