রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পঞ্চম দিনেও থেমে নেই সেবাদান

রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান কর্মসূচি
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান কর্মসূচি | ছবি: এখন টিভি
0

মিরপুরে রাড্ডার স্বাস্থ্য সেবাকেন্দ্রে হামলা-ভাঙচুরের ঘটনার পর পঞ্চম দিনেও চলছে টিকাদান কর্মসূচি। এর পাশাপাশি চলছে বিধ্বস্ত স্বাস্থ্য সেবাকেন্দ্রটির সংস্কার কাজও।

আজ (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) সকালে ক্ষতিগ্রস্ত ভবনে পঞ্চম দিনের মতো টিকাদান কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্যকেন্দ্রের নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার জানান, গত তিন দিনে ১৭০ জন এই কেন্দ্র থেকে সেবা নিয়েছেন। তবে ভাঙচুরের কারণে কিছু সেবা বন্ধ রয়েছে। ধীরে ধীরে সেবা গ্রহীতাদের সংখ্যা বাড়ছে।

তিনি আরও জানান, আজকের মধ্যে টিকাকেন্দ্রে বিদ্যুৎ ও পানির সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়া সংস্কার কাজ শেষে দ্রুতই বাকি সেবাগুলে চালু করা হবে বলেও জানান তিনি।

এদিকে সকালে ক্ষতিগ্রস্ত টিকাকেন্দ্রটি পরিদর্শন করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের নেতারা। পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাড্ডার এ স্বাস্থ্য সেবাকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, সরকারি টিকা, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ সামগ্রী লুটেরও অভিযোগ ওঠে। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয় দুর্বৃত্তরা।

এসএইচ