পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির অবনতি, তলিয়ে গেছে একাধিক এলাকা

রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় নৌকায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন শিক্ষার্থীরা
রাস্তা-ঘাট ডুবে যাওয়ায় নৌকায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন শিক্ষার্থীরা | ছবি: এখন টিভি
0

ক্রমশ অবনতি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টির কারণে স্থানীয় নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে একাধিক এলাকা ও গ্রাম; ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম, বন্ধ রয়েছে যান চলাচলও। এরইমধ্যে পানি মাড়িয়ে কেউ পায়ে হেঁটে, আবার কেউ বা নৌকায় চড়ে যাচ্ছেন গন্তব্যে।

বন্যা পরিস্থিতিতে কোমর সমান পানি উঠেছে, এতে বন্ধ হয়ে গেছে যান চলাচলও। বন্যার পানি না নামায় দিনের পর দিন পানিবন্দি হয়ে আছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার বন্যাকবলিত এলাকার মানুষ। কিন্তু জীবিকার তাগিদে এমন পরিস্থিতি আবার উপেক্ষাও করেছেন অনেকে, পানি ডিঙিয়ে বেড়িয়েছেন কাজে।

ভুক্তভোগী এক নারী জানান, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাজার করতে যেতেও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে।

উদ্ভূত এ বন্যা পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরাও। গলা সমান পানি ডিঙিয়ে পরীক্ষা দেয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এ সমস্যার সমাধানে বন্যাকবলিত এলাকায় স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াতের জন্য নৌকা ও ইজি বাইকের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন:

বিজেপি এমএলএ শীতল কোপাট বলেন, ‘বন্যা পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে সরকারি নৌকা ও টোটোর ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা ঠিকমতো পরীক্ষায় অংশ নিতে পারে। এমনকি প্রতিটি স্কুলে বলা হয়েছে, কোনো শিক্ষাথী দেরি করে হলে ঢুকলে, তার পরীক্ষার সময়সীমা যেন বাড়ানো হয়।’

এদিকে বন্যা কারণে ডুবে গেছে ঘাটাল পৌরসভার বহু গ্রাম পঞ্চায়েতের সুপেয় পানির কলও। ফলে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত খাবার পানি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার রাস্তাঘাট। পানি মাড়িয়ে হাঁটতে গেলেও থাকছে বিপদের শঙ্কা।

শুধু তাই নয়, বন্যায় তলিয়ে গেছে বিঘার পর বিঘা চাষের জমি। গবাদি পশুরাও খাবার সংকট। এদিকে পানি না কমায় অপেক্ষাকৃত উঁচু জায়গার পাশাপাশি ত্রাণশিবিরে আশ্রয় নিয়েছে দুর্গত এলাকার বাসিন্দারা।

এসএইচ