শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ প্রতিষ্ঠানের ২০ কোটি ৭৩ লাখ টাকা জমা

ফাউন্ডেশনে টাকা জমা দেয়া হচ্ছে
ফাউন্ডেশনে টাকা জমা দেয়া হচ্ছে | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বিগত অর্থবছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ হিসেবে চারটি প্রতিষ্ঠান মোট ২০ কোটি ৭৩ লাখ টাকা জমা দিয়েছে।

গতকাল (মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কার্যালয়ে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অনুদানের চেক হস্তান্তর করেন। এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদারসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের মুনাফার ৫ শতাংশের এক-দশমাংশ শ্রমিকদের কল্যাণে গঠিত এ তহবিলে জমা দেয়।

এবার ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড দিয়েছে ৭ কোটি ৫৯ লাখ টাকা। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লিমিটেড পিএলসি দিয়েছে ৭ কোটি ১৭ লাখ টাকা। বিকাশ লিমিটেড দিয়েছে ৪ কোটি ৭৯ লাখ টাকা এবং এপিএল (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেড দিয়েছে ১ কোটি ১৭ লাখ টাকা।

চেক গ্রহণকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কল্যাণে এ তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুস্থ ও অসুস্থ শ্রমিকদের চিকিৎসা, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা এবং শ্রমিকদের সন্তানদের শিক্ষা সহায়তাসহ বিভিন্ন কাজে এ তহবিলের অর্থ ব্যয় করা হয়।

নিয়মিতভাবে লভ্যাংশের নির্ধারিত অংশ তহবিলে জমা দেয়ায় চারটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে অন্যান্য কোম্পানিকেও আইন অনুযায়ী তাদের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেয়ার আহ্বান জানান তিনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজেএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এফএস