আজ (রোববার, ৪ অক্টোবর) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ফেসবুক পেজ থেকে এমন তথ্য জানানো হয়েছে। পোস্টে তিনি বলেন, বিদায়ী সাক্ষাতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে পেয়ে আনন্দিত। তার অবদানের জন্য প্রশংসা করছি এবং ভবিষ্যৎ কর্মকাণ্ডের জন্য তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি। খবর ইউএনবির।
এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী শনিবার দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো সমাধানে ধারাবাহিক সংলাপ, পারস্পরিক সম্মান ও আস্থার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যকার প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে।
দীনেশ ত্রিবেদী বলেন, সমস্যাগুলো লুকিয়ে রাখার কোনো মানে নেই, আর সমস্যাগুলো নিয়ে কথা না বলারও কোনো মানে নেই।
ঢাকায় চলমান বে অব বেঙ্গল কনভারসেশনের অংশ হিসেবে ‘পাওয়ার অ্যান্ড প্রুডেন্স: ম্যানেজিং গ্রেট-পাওয়ার কমপিটিশন উইদাউট কনফ্লিক্ট’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীনেশ ত্রিবেদী বলেন, পানি, বাণিজ্য, সংস্কৃতি, খেলাধুলা, যোগাযোগ ও পরিবহনসহ দুই দেশের অমীমাংসিত সব বিষয় নিয়ে উপযুক্ত ফোরামে আলোচনা করা প্রয়োজন।
হাইকমিশনার বলেন, গণতন্ত্রে যথাযথ ফোরামে সংলাপ থাকতে হবে। আর সেই সংলাপ ধারাবাহিক হতে হবে। দুই দেশের মধ্যে যোগাযোগের প্রক্রিয়া ধীর হতে পারে, তবে তা থেমে যায়নি।
ত্রিবেদী বলেন, আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, এই প্রক্রিয়া থেমে নেই। প্রক্রিয়াটি চলমান রয়েছে। ভারতীয় এই কূটনীতিক আরও বলেন, আমাকে বিশ্বাস করুন, এর একটি সমাধান অবশ্যই থাকতে হবে এবং সমাধান হবেই।





