মালিবাগ মোড়ের এসটিএস সরাতে পদক্ষেপ নেয়া হয়েছে: ডিএসসিসি প্রশাসক

ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম
ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম | ছবি: সংগৃহীত
0

রাজধানীর মালিবাগ মোড়ের রাস্তার ওপর থাকা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরিয়ে নিতে দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। একই এলাকায় কাছাকাছি স্থানে নতুন এসটিএস স্থাপনেরও আশ্বাস দেন তিনি।

আজ (শনিবার, ২৪ অক্টোবর) রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়সংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।

এসময় তিনি জানান, সিআইডির অনুরোধে কার্যালয়ের সামনে থাকা এসটিএসের জায়গাটি গাড়ি পার্কিংয়ের জন্য ইজারা দেয়া হয়েছে। পাশাপাশি এলাকায় হকাররা আবারও রাস্তা দখল করে বসলে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

প্রশাসক বলেন, ‘নগরীর পরিবেশ রক্ষা ও যানজট কমাতে হকার এবং অটোরিকশার সমস্যা সমাধানে কাজ করছে সিটি করপোরেশন।’

একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর গুরুত্ব দিয়ে নগরবাসীকে নিজেদের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি।

পরে মালিবাগ এলাকায় জনসচেতনতা বাড়াতে র‍্যালিতে অংশ নেয়ার পাশাপাশি ফুটপাত দখল করে বসা হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।

এসএইচ