দাবি আদায় না করে ঘরে ফিরবো না: জামায়াত আমির

কথা বলেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান
কথা বলেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান | ছবি: এখন টিভি
0

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারের সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘আমরা মাঠে নেমেছি মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য; তাদের দাবি আদায়ের জন্য; গ্যাস, বিদ্যুতের জন্য; জুলাই আন্দোলনে গনহত্যাকারীদের বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য। দাবিগুলো আদায় না করে ঘরে ফিরবো না।’

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর)ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য

ছয়টি দফা হলো— গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকটসহ জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ করা।

সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। লংমার্চের যাত্রাপথে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সিমরাইল, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল এবং চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড এলাকায় প্রথম পথসভার আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলিসহ ১১ দলের অন্যান্য শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এসএইচ