দেশে ফিরেছেন আরও ৪১ হাজার হাজি

বিমানবন্দর থেকে বাসায় ফিরছেন হাজীরা
বিমানবন্দর থেকে বাসায় ফিরছেন হাজীরা | ছবি: সংগৃহীত
0

গত ২৬ মে অনুষ্ঠিত এ বছরের হজ শেষ হওয়ার পর গতকাল (রোববার, ৭ জুন) পর্যন্ত মোট ৪১ হাজার ২৩২ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

একজন কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থা মোট ৯৭টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৯টি ফ্লাইট এসব যাত্রীদের বহন করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩,৩২৮ জন হাজি এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ৯৭টি ফ্লাইটে ৩৭,৯০৪ জন হাজি ফিরেছেন।

এছাড়াও, হজ চলাকালীন সৌদি আরবে ৪৮ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন, যাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে ৩৫ জন মক্কায়, ১২ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

হজ বুলেটিন অনুসারে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসা গ্রহণ করেছেন এবং ১৩ জন হাজি হাসপাতালে ভর্তি হয়েছেন। সৌদি আরবের চিকিৎসা কেন্দ্রগুলো ৫৮,৯৯০ জন হাজিকে চিকিৎসা প্রদান করেছে। অন্যদিকে আইটি হেল্প ডেস্ক মক্কা ও মদিনায় ২৬,৭৯০ জন হাজিকে পরিষেবা দিয়েছে।

এ বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়ে ২১ মে শেষ হয়েছে। ফিরতি হজ ফ্লাইটগুলো ৩০ মে শুরু হয়েছে এবং ১লা জুলাই পর্যন্ত চলবে।—বাসস

এএইচ