স্পেনের বিজয়ে রাজশাহীতে সমর্থকদের উল্লাস, হতাশ আর্জেন্টিনার সমর্থকরা

রাজশাহীতে সমর্থকদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিলো
রাজশাহীতে সমর্থকদের জন্য বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছিলো | ছবি: এখন টিভি
0

চার বছর অপেক্ষার পর বিশ্বকাপ ফুটবলের মহারণ। ফাইনাল ঘিরে রাজশাহীতেও ছিল উৎসবের আমেজ। নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়—বিভিন্ন স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখতে ভিড় করেন হাজারো ফুটবলপ্রেমী। তবে শেষ বাঁশি বাজতেই বদলে যায় দৃশ্য। আর্জেন্টিনার হার যেন হতাশার ছাপ ফেলে অধিকাংশ সমর্থকের মুখে। রোববার (১৯ জুলাই) রাতভর এমন দৃশ্য দেখা যায় রাজশাহীতে।

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। সন্ধ্যা থেকেই সেখানে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। প্রিয় দলের জার্সি, পতাকা আর মুখে রং মেখে উৎসবমুখর পরিবেশে খেলা উপভোগ করেন তারা। তবে খেলা শুরুর আগে শতভাগ জয়ের প্রত্যাশী ছিলেন আর্জেন্টিনার সমর্থকরা।

অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু ও ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামসহ তিনটি স্থানে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার মানুষ একসঙ্গে বসে উপভোগ করেন বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচ।

আরও পড়ুন:

ম্যাচজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের ছিলো প্রবল উচ্ছ্বাস। প্রতিটি আক্রমণে করতালি, প্রতিটি সুযোগে ছিলো গোলের প্রত্যাশা। কিন্তু স্পেনের বিপক্ষে পরাজয়ের পর মুহূর্তেই নেমে আসে নীরবতা। অনেক সমর্থক হতাশ মুখে মাঠ ছাড়েন, কেউ আবার প্রিয় দলের জন্য করতালি দিয়ে পরাজয় মেনে নেন।

অন্যদিকে, স্পেন সমর্থকদের মধ্যে ছিল বাঁধভাঙা আনন্দ। জয়ের পর উল্লাস, স্লোগান আর উদযাপনে মুখর হয়ে ওঠে বড় পর্দার সামনে থাকা এলাকাগুলো। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে বিশ্বকাপ ফাইনাল দেখার আয়োজন।

বিশ্বকাপ শেষ হলেও ফুটবলপ্রেমীদের আবেগ শেষ হয়নি। জয়-পরাজয়ের হিসাব পেরিয়ে রাজশাহীতে একসঙ্গে বসে খেলা দেখার এই আয়োজন আবারও প্রমাণ করেছে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের মিলনমেলা, আবেগ আর ভালোবাসার আরেক নাম।

এসএইচ