পাপে থিয়াওয়ের স্থলাভিষিক্ত হয়ে সেনেগালের ডাগআউটে বসবেন ৫০ বছর বয়সী ভিয়েরা। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় সেনেগাল। থিয়াওয়ের অধীনে থাকা সময়ে দলের মাঝে নানা বিষয়ে অসন্তোষের গুঞ্জনও চলছিল।
বিশ্বকাপ ব্যর্থতার পরপরই পাপে থিয়াও ও তার পুরো কোচিং স্টাফকে সরিয়ে দেয় দেশটির ফুটবল ফেডারেশন। কিছুটা সময় নিয়ে এবার ভিয়েরাকে নিয়োগ দিলো তারা। ভিয়েরার নিয়োগের পেছনে বড় কারণ হিসেবে কাজ করেছে তার দীর্ঘ কোচিং অভিজ্ঞতা।
এর আগে ক্রিস্টাল প্যালেস, নিস, স্ত্রাসবুর ও জেনোয়ার মতো ক্লাবের ডাগআউট সামলেছেন তিনি। তবে জাতীয় দলের দায়িত্বে এবারই প্রথম। এর মাধ্যমে আফ্রিকার ফুটবলে নিজের কোচিং অধ্যায়ের নতুন অধ্যায় খুলতে যাচ্ছেন সাবেক এ তারকা।





