জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু শুক্রবার; কোন ইভেন্টে কত প্রাইজমানি?

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের লোগো
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের লোগো | ছবি: এখন টিভি
0

দেশের ব্যাডমিন্টন খেলোয়াড়দের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটি জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামীকাল (শুক্রবার, ২৩ অক্টোবর)। ৪০তম আসরে খেলোয়াড়দের জন্য মোট ১০ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন। এছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের জন্য থাকছে একটি মোটরসাইকেল।

আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ফেডারেশন।

রাজধানীর শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতা চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। শুক্রবার বেলা ১১টায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোহাম্মদ দৌলতুজ্জামান খাঁন এবং পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন।

ফেডারেশনের ঘোষণা অনুযায়ী, পুরুষ একক ও পুরুষ দ্বৈত; দুই ইভেন্টেই চ্যাম্পিয়ন দল বা খেলোয়াড় পাবেন ১ লাখ ৪০ হাজার টাকা করে। রানারআপদের জন্য থাকছে ১ লাখ টাকা করে।

মহিলা এককে চ্যাম্পিয়ন পাবেন ১ লাখ টাকা, রানারআপ ৬০ হাজার টাকা। মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈত; দুই ইভেন্টের চ্যাম্পিয়নদের জন্যও থাকছে ১ লাখ টাকা করে। এসব ইভেন্টের রানারআপরা পাবেন ৬০ হাজার টাকা করে।

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮৮টি দলের ৬১৬ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ৮১ জন নারী ও ৫৩৫ জন পুরুষ খেলোয়াড়।

ফেডারেশনের আশা, জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতা খেলোয়াড়দের দক্ষতা যাচাই, নতুন প্রতিভা তুলে আনা এবং দেশের ব্যাডমিন্টনের মানোন্নয়নে ভূমিকা রাখবে। একই সঙ্গে তরুণদের মধ্যে খেলাটির প্রতি আগ্রহ বাড়াতেও আয়োজনটি সহায়ক হবে।

এসএইচ