ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে চারজনের মৃত্যু এবং নতুন ১ হাজার ৫১২ জনের ভর্তির তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৬৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৬ হাজার ২৩ জন।
অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে– রোগটির উপসর্গ নিয়ে নতুন করে ২ জনের মৃত্যু এবং ৩৬ জনের নিশ্চিত সংক্রমণসহ ৯৯৫ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,২০৭ জনে (নিশ্চিত হামে ১০৪ ও উপসর্গ নিয়ে ১,১০৩ জন)। এই সময়ে মোট ২ লাখ ১৭ হাজার ৭৬০ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮৫ হাজার ৯২৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫০৭ জন। এছাড়া চট্টগ্রামে ২৯৪, খুলনায় ২০৬, বরিশালে ২৩১, রাজশাহীতে ১৬২, ময়মনসিংহে ৬০, রংপুরে ৪৪ ও সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে নতুন করে মারা যাওয়া দুজনই ঢাকা বিভাগের।
বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর ৩ লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান ১ হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।





