বিসিবি নির্বাচন নিয়ে তদন্তের দাবি ৫০ ক্লাবের; ক্রীড়া পরিষদে তামিমের আবেদন

জাতীয় ক্রীড়া পরিষদে তামিম ইকবালের আনুষ্ঠানিক আবেদন
জাতীয় ক্রীড়া পরিষদে তামিম ইকবালের আনুষ্ঠানিক আবেদন | ছবি: এখন টিভি
0

বাংলাদেশ ক্রিকেটে বোর্ডকে (বিসিবি) অবৈধ আখ্যায়িত করে ও নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এবার স্বাধীন তদন্ত কমিটির দাবি জানিয়েছে দেশের ৫০টি ক্লাব। জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও ৫০ ক্লাবের প্রতিনিধিরা।

নির্বাচনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটে বোর্ড আর ৫০ ক্লাবগুলোর মধ্য চলছে দা-কুমড়ো সম্পর্ক। আজ (রোববার, ৮ মার্চ) নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে দেশের ছোট-বড় ও নামকরা ৫০টি ক্লাব।

এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদনও জমা দিয়েছে ক্লাবগুলো। ক্লাব প্রতিনিধিদের দাবি, বিসিবির নির্বাচনের পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা প্রয়োজন। তাদের মতে, নিরপেক্ষ তদন্ত হলে সেটি বাংলাদেশের ক্রিকেটে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোহামেডানের পরিচালক মো. মাসুদুজ্জামান বলেন, ‘আমরা উনাদের একটা তদন্তের জন্য আবেদন করেছি। এ তদন্ত যেন উনারা দ্রুত করে, সেদিকে নজর দিতে বলেছি। আসলে আমরা খেলার মাঠে ফিরে যেতে চাই। অনেক দিন হলে আমরা আসলে ক্রিকেট মাঠ থেকে দূরে।’

সূর্যতরুণ ক্লাবের পরিচালক ফাহিম সিনহা বলেন, ‘আমরা যদি একইভাবে বোর্ড ভাঙ্গার জন্য আবেদন জানাই, ব্যাপারটা ঠিক হবে না। বিসিবি একটা বড় গোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে। বাংলাদেশের স্পোর্টসের খুব গর্বের জায়গা আমাদের। এটা আইনের মাধ্যমে, আইনের প্রক্রিয়া এবং সরকারের একটা স্বাধীন তদন্তের মাধ্যমেই সঠিক বিচারটা চাই।’

এদিকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও অভিযোগ জানিয়েছে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

তিনি বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাবসহ সবাই এটাতে একমত। আর বাংলাদেশের ৫০টি ক্লাব যদি এটাতে একমত হয়ে জানিয়ে থাকে, এর চেয়ে বেশি আমাদের আর কিছু বলার দরকার নেই।’

এখন প্রশ্ন একটাই, ক্লাবগুলোর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং তদন্তের মধ্য দিয়ে কী সমাধান বেরিয়ে আসে।

এসএস