বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে ৫ সদস্যের স্বাধীন কমিটি গঠন

জাতীয় ক্রীড়া পরিষদ
জাতীয় ক্রীড়া পরিষদ | ছবি: এখন টিভি
0

বিসিবি নির্বাচনে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহার তদন্তে পাঁচ সদস্যের স্বাধীন কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কমিটির নেতৃত্বে আছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। এছাড়া কমিটিতে রয়েছেন অতিরিক্ত সচিব সেলিম ফকির, যুগ্ম-পুলিশ কমিশনার নাসিরুল ইসলাম, ক্রীড়া সাংবাদিক এ টি এম সাইদুজ্জামান এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আকরাম সম্রাট।

এনএসসি জানিয়েছে, কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। তারা গত বছরের ৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির নির্বাচনের সময় ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখবেন। অভিযোগ যাচাইয়ের জন্য প্রয়োজনীয় দলিল সংগ্রহ, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য গ্রহণ এবং মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রযোজ্য আইন অনুযায়ী হয়েছে কি না তা পরীক্ষা করা হবে।

কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা সংস্থার কাছ থেকেও ব্যাখ্যা তলব করতে পারবে। এছাড়া ভবিষ্যতে বিসিবি নির্বাচনে কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং জবাবদিহি নিশ্চিত করার জন্যও কমিটির পরামর্শ চাওয়া হয়েছে।

আরও পড়ুন:

গত বছর অক্টোবরের নির্বাচনে ২৫ জন পরিচালক মনোনীত হন এবং পরে ভোটে সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। নির্বাচনের আগে থেকেই ঢাকার বিভিন্ন ক্লাব ও জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু কাউন্সিলর সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলেছিলেন।

গত রোববার জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ ঢাকার ক্লাবগুলোর কাউন্সিলররা এনএসসির কাছে নির্বাচনের অস্বচ্ছতা নিয়ে অভিযোগ করেন এবং স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এরপর ঢাকার জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু সংস্থা একই অভিযোগ এনেছেন।

এনএইচ