প্রতিবেদনে বলা হয়, ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঐতিহাসিক পরিকল্পনাও হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী নৌপরিবহন বিঘ্নের আশঙ্কা প্রশমিত করতে পারেনি। আজ (বৃহস্পতিবার, ১২ মার্চ) আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮ শতাংশের বেশি বেড়েছে। এতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে পৌঁছেছে। যা যুদ্ধ শুরুর আগের তুলনায় ৩৮ শতাংশের বেশি বৃদ্ধি।
এদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
আইইএ গতকাল (বুধবার, ১১ মার্চ) জানায়, তাদের ৩২টি সদস্যদেশ কৌশলগত মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল বাজারে ছাড়বে। ১৯৭৩ সালের তেল অবরোধের পর সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে এটিই ছিল সবচেয়ে বড় সমন্বিত মজুত ছাড়।
এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তর পৃথকভাবে ঘোষণা দিয়েছে, তারা স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭২ মিলিয়ন ব্যারেল তেল ছাড়বে। জ্বালানি সচিব ক্রিস রাইট জানান, আগামী সপ্তাহ থেকেই তেল সরবরাহ শুরু হতে পারে এবং পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১২০ দিন সময় লাগবে।





