কেমন হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি—যা ভাবছেন সংশ্লিষ্টরা

রোড টু ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

ছবিতে নাজমুল আবেদিন ফাহিম, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার
ছবিতে নাজমুল আবেদিন ফাহিম, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার | ছবি: এখন টিভি
0

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে চলতি বছরে ওয়ানডেতে একের পর কঠিন পরীক্ষার মুখোমুখি হবে বাংলাদেশ। তবে টানা দুই সিরিজ জিতে বেশ উজ্জীবিত মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক থেকে সাবেক অধিনায়ক— সবার কণ্ঠে এখন আত্মবিশ্বাসের সুর।

ওয়ানডে ফরম্যাটে সময়টা মোটেও ভালো যাচ্ছিল না বাংলাদেশের। তবে ঘরের মাঠে টানা দুই সিরিজ জিতে এখন বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও চলতি বছরেই নিজেদের ডেরায় নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের মতো মহাপরাক্রমশালীদের সামলাতে হবে মিরাজ বাহিনীকে।

পাকিস্তান সিরিজ শেষে আপাতত সুনশান শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে এপ্রিল থেকে ব্যস্ত হতে যাওয়া এ ভেন্যুর উইকেট কেমন হবে? আজ (সোমবার, ১৬ মার্চ) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম কথা বলেন সেই বিষয়েই।

তিনি বলেন, ‘আমরা হোম কন্ডিশনে স্লো উইকেটে ডেকে এনে জিতে যাচ্ছি, আমার মনে হয় না এর মধ্যে খুব বেশি কৃতিত্ব আছে। এমন একটা কন্ডিশনে খেলা, যেটা ওদের জন্য যা-আমাদের জন্যও তা—সেখানে যখন আমরা জিতবো, সেখানে কৃতিত্বের ব্যাপার আছে, দলের কনফিডেন্স আরও ওপরের দিকে উঠবে, সেটাই স্বাভাবিক এবং এটাই আমরা চাই।’

আরও পড়ুন:

একই সুরে জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, পিচ বা প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না তারা। তিনি বলেন, ‘কোয়ালিফাই নিয়ে আমরা একদমই চিন্তিত নয়, আমরা আমাদের প্রোসেসটা নিয়ে চিন্তিত যে, বিশ্বকাপে আমরা কী করতে পারি! ২০২৭ বিশ্বকাপে আমরা কেবল অংশগ্রহণ করার জন্য যাবো না। আমরা যেন বিশ্বকাপ জিততে পারি, সেই জেতার জন্য যদি আপনার খেলতে হয়, তাহলে ওখানে যে ধরনের উইকেট হবে, ওই ধরনের প্রস্তুতি আমাদের এখন থেকেই নিতে হবে।’

খারাপ সময় কাটিয়ে উঠে টাইগাররা জয়ের ধারায় ফেরায় স্বস্তির নিশ্বাস সম্ভাব্য বিসিবি প্রধান নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের কণ্ঠেও। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে যে জার্নিটা হবে, সেটা শুরু করার জন্যও আমাদের এরকম কিছু দরকার ছিল। আমরা সবসময়ই ওয়ানডেতে ভালো দল। মাঝখানে কিছু সময় আমাদের খারাপ গেছে, এটা হতেই পারে। তবে আবারও ভালো শুরু হয়েছে। এটা গুরুত্বপূর্ণ যে, আমরা যেন ধারাবাহিকতাটা ধরে রাখতে পারি।’

ঈদের ছুটির পরই মিরাজ-শান্তরা ফিরবে ফিটনেস ক্যাম্পে। এরপরই এপ্রিলের মাঝামাঝিতে টাইগাররা লড়বে কিউইদের বিপক্ষে। ২০২৭ বিশ্বকাপের সমীকরণ মেলানোর দীর্ঘ যাত্রায় কেমন পারফর্ম করে টাইগাররা, সেটিই এখন দেখার বিষয়।

এসএইচ