ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে আইপিএলে ‘রাজনৈতিক হস্তক্ষেপের’ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে মোস্তাফিজের বিষয়ে কথা বলেন ধুমাল। তিনি বলেন, ‘আমি শুধু বলবো এটা ছিল “দুর্ভাগ্যজনক”। এর বাইরে আমার বিশেষ কিছু জানা নেই।’
তিনি আরও বলেন, ‘মাঝে মাঝে যেভাবে ঘটনাগুলো ঘটে, তা দুর্ভাগ্যজনক। দৈনন্দিন ক্রিকেট পরিচালনায় সরকারের কোনো আগ্রহ বা ভূমিকা আছে বলে আমি মনে করি না। সরকার সামগ্রিকভাবে ক্রিকেটকে সমর্থন করে। তবে কখনও কখনও আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু ঘটনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হয়। আমি নিশ্চিত, ভবিষ্যতে এমনটা আর হবে না।’
আরও পড়ুন:
এর আগে, গত নভেম্বরের আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু নিরাপত্তার অযুহাতে এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর ক্ষোভের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড ফিজকে আইপিএল থেকে বাদ দেয়ার জন্য কেকেআরকে নির্দেশনা দেয়। এতে জানুয়ারির শুরুতে মোস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দেয় তার দল কলকাতা।
এর জেরে ভারত-বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কের উত্তাপ বাড়তে শুরু করে। ফলসরূপ ‘নিরাপত্তা ঝুঁকির’ কথা তুলে ধরে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে পাঠায়নি অন্তর্বর্তী সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে খেলার সুযোগ পায় স্কটল্যান্ড।
তবে আইপিএল থেকে বাদ পড়লেও মোস্তাফিজের সুযোগ আসে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার। বর্তমানে তিনি পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতেই খেলছেন।





