একাধিক চমকে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা বিসিবির

বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল
বাংলাদেশ টেস্ট ক্রিকেট দল | ছবি: সংগৃহীত
0

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে নাজমুল হাসান শান্তকে অধিনায়ক করে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে বড় চমক তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন পেসার ইবাদত।

২০২৩ বিশ্বকাপের আগে সেরা ফর্মে থেকেও ইনজুরির কারণে বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ হয় পেসার ইবাদত হোসেনের। এরপর অস্ত্রোপচার দীর্ঘ পুনর্বাসন আর ছন্দে ফেরার লড়াই।

২০২৫ এ আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে সুযোগ পেলেও পরের সিরিজেই বাদ পড়েন। তবে পাকিস্তান টেস্ট সিরিজের দলে ডাক পাওয়া ইবাদত এবার নিশ্চয়ই সাদা পোশাকে রঙিন পারফরম্যান্স করতে চাইবেন।

ইবাদত ছাড়াও টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামও। তবে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে সবচেয়ে বড় চমক তানজিদ তামিম ও অমিত হাসানের ডাক পাওয়া।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫ ম্যাচে ৪০ গড়ে করেছেন ১৭৯২ রান। ৫ সেঞ্চুরির সাথে আছে ৬টি হাফ সেঞ্চুরিও। রঙিন পোশাকে পুরোনো হলেও সাদা প্রথমবারের মতো টেস্টে মাঠে নামার অপেক্ষায় জুনিয়র তামিম।

আরও পড়ুন:

অন্যদিকে মিডল অর্ডার ব্যাটার অমিত হাসান ২০১৯ সালে অভিষেকের পর থেকে ৪৯ ম্যাচে ৮২ ইনিংসে ৪৯ গড়ে করেছেন ৩৬৫০ রান। তার ঝুলিতে ১১ সেঞ্চুরির পাশাপাশি আছে ১৭টি হাফ সেঞ্চুরি। অবশেষে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মের পুরস্কার স্বরূপ জাতীয় দলে ডাক পেলেন অমিত।

আগামী ৮ মে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই দুই ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২০২৭ চক্রের অন্তর্ভুক্ত।

প্রায় এক বছর পর দলে ফিরেছেন অফস্পিনার নাঈম হাসানও। যথারীতি টেস্ট দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ থাকবেন ডেপুটির দায়িত্বে।

নতুনদের সুযোগ আর অভিজ্ঞদের প্রত্যাবর্তনে সাজানো দল নিয়ে পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকে সিরিজে জয়ের ধারা ধরে রাখার চ্যালেঞ্জ টাইগারদের।

এসএইচ