ডিপিএল পারফরম্যান্সে জাতীয় দলে ফিরতে চান সৈকত

মোসাদ্দেক হোসেন সৈকত
মোসাদ্দেক হোসেন সৈকত | ছবি: এখন টিভি
1

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) পারফর্ম করে আবারও জাতীয় দলে ফিরতে চান মোসাদ্দেক হোসেন সৈকত। আবাহনীকে জেতাতে চান শিরোপাও। আজ (বুধবার, ২৯ এপ্রিল) মিরপুরে অনুশীলন শেষে গণমাধ্যমে জানিয়েছেন আবাহনীর অধিনায়ক। তবে ডিপিএলের এবারের ফরম্যাট নিয়ে আক্ষেপ ঝরেছে সৈকতের কণ্ঠে।

একসময় জাতীয় দলের অপরিহার্য সদস্য ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। দলের ভবিষ্যৎ কাণ্ডারিদের একজন ভাবা হতো তাকে। তবে পারফরম্যান্সে অধারাবাহিকতাসহ নানা কারণে দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি তার।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করেই পুনরায় জাতীয় দলে ফিরতে চান মোসাদ্দেক। বুধবার মিরপুরে দলের সঙ্গে অনুশীলন শেষে এ অলরাউন্ডার জানান, জাতীয় দলের ফিনিশিং নিয়ে দুশ্চিন্তার সমাধান হতে চান তিনি।

মোসাদ্দেক হোসেন বলেন, ‘আমার মনে হয় যে বিসিবির ওই প্ল্যান করা আছে যারা কি না এই লিগে ভালো খেলবে একটা ভালো অপরচুনিটি আছে তাদের ন্যাশনাল টিমে ব্যাক করার। আমি লাস্ট প্রিমিয়ার লিগেও নাম্বার সিক্সে ব্যাটিং করেছি আসলে, এই প্রিমিয়ার লিগে হয়তোবা ওরকম পাঁচ-ছয় এর দিকে ব্যাটিং করার প্ল্যান থাকবে। সেই জায়গা থেকে টিমের রিকোয়ারমেন্ট এবং বর্তমানে ন্যাশনাল টিমের মানে যে চাহিদাটা আছে, আমি সেটা চেষ্টা করবো প্রিমিয়ার লিগের মাধ্যমে সেই কাজটা করার। এখন সেটা যদি আমি সাকসেসফুলি করতে পারি আমার কাছে মনে হয় যে একটা সুযোগ তো থাকবে।’

শুধু জাতীয় দলে ফেরাই নয়, আবাহনীকে ডিপিএলের শিরোপা জেতানোও লক্ষ্য বলে জানিয়েছেন মোসাদ্দেক। অধিনায়ক হিসেবে দল নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন এ অলরাউন্ডার।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘অবশ্যই ভালো খেলার টার্গেট, তার থেকে বড় টার্গেট হচ্ছে যে টিম রেজাল্ট করানো। যেহেতু আসলে আবাহনী, মোহামেডান এই টিমগুলো সবসময় শিরোপার দিকেই চিন্তা করে। তো আমাদের মনে হয় যে ব্যাটিংয়ের ডেপথ থেকে শুরু করে টিমের এক্সপেরিয়েন্স সবকিছু মিলে আমার কাছে মনে হয় ব্যালেন্স একটা সাইড আমরা।’

প্রতিবারই ডিপিএলের অন্যতম আকর্ষণ থাকে সুপার লিগ, যা থাকছে না এবার। সুপার লিগ না থাকায় আক্ষেপ ছিল মোসাদ্দেকের কণ্ঠে। তবে নতুন ফরম্যাটে লিগ শিরোপা জয়ে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।

মোসাদ্দেক হোসেন বলেন, ‘সুপার লিগটা থাকলে যারা কি না চ্যাম্পিয়ন রেসের দিকে থাকে তাদের জন্যে একটা অপরচুনিটি থাকে যে যদি তারা লিগের প্রথম দিকে কিছু পয়েন্ট হারায়ও ফেলে তো সেই জায়গা থেকে আবার ব্যাক করার একটা চান্স থাকে। তো এই লীগে আমার মনে হয় যে একটু চ্যালেঞ্জিং থাকবে সব টিমগুলোর জন্যেই যারা কি না চ্যাম্পিয়ন ফাইটের দিকে থাকবে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং থাকবে প্রথম থেকেই। কারণ প্রত্যেকটা ম্যাচ খুবই ইম্পরট্যান্ট হবে এবং একটা পয়েন্ট খুবই ইম্পরট্যান্ট হবে।’

ডিপিএলের পাশাপাশি অন্যান্য ঘরোয়া লিগের জন্য ক্যালেন্ডার তৈরি করে যথাসময়ে আয়োজনে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন মোসাদ্দেক।

এসএস