সাউদাম্পটনে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ৩৬ ও সোবহানা ২২ রান করেন।
শেষদিকে ঝড় তোলেন স্বর্ণা আক্তার। তার ২২ বলে অপরাজিত ৩৯ রানের ইনিংসে লড়াকু পুঁজি পায় টাইগ্রেসরা। রান তাড়া করতে নেমে ভালো সূচনা পায় পাকিস্তান। পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়েই করে ৪১ রান।
অষ্টম ওভারে ২৩ রান করা গুল ফিরোজা ফেরার পরই ব্যাটিং ধস নামে পাকিস্তান শিবিরে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১০০ রানে থামে তাদের ইনিংস। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার মুনীবা আলী।
বাংলাদেশের মেঘলা ও নাহিদা আক্তার দুজনই তিনটি করে উইকেট নেন। এ জয়ে এবারের আসরের সেমিফাইনালের দৌড়ে নিজেদের ভালোভাবেই টিকিয়ে রাখল বাংলাদেশ। ‘এ’ গ্রুপে তিন ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়। ফলে ৪ পয়েন্ট নিয়ে ছয় দলের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে তারা।





