ফুটবল বিশ্বকাপের ডামাডোলের মাঝেই ব্যাট-বলের লড়াইয়ে আবারও মাঠে নামছে বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা সময় পার করছে লাল-সবুজের প্রতিনিধিরা। লাল বলের রাজকীয় ফরম্যাটে সবশেষ ৫ সিরিজের মাত্র একটিতে হেরেছে টাইগাররা। সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানকে ধরাশায়ী করা বাংলাদেশের সামনে এবারের চ্যালেঞ্জ টিম জিম্বাবুয়ে।
যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে নেই রোডেশিয়ানরা। তবে অতীত কিংবা বর্তমান পরিসংখ্যানে পিছিয়ে রাখার সুযোগ নেই স্বাগতিকদের। এখন পর্যন্ত ২০ বারের দেখায় বাংলাদেশ জিতেছে ৯টি ম্যাচ আর জিম্বাবুয়ে জিতেছে ৮ বার। সবশেষ ২০২৫ এর জুলাইয়েও টাইগারদের ডেরায় এসে ১-১ এ সিরিজ ড্র করে গিয়েছিলো জিম্বাবুয়েনরা।
আরও পড়ুন
এছাড়াও ঘরের বাইরে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র দুইবারই জিততে পেরেছে বাংলাদেশ। তাইতো প্রতিপক্ষকে হালকা করে নিচ্ছে না নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার (২৬ জুন) জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে কঠোর অনুশীলন করেছে টাইগাররা। আসন্ন একাধিক অ্যাওয়ে সিরিজের প্রস্তুতি হিসেবে এটিকে বড় সুযোগ হিসেবে দেখছেন টেস্ট দলের কাপ্তান।
দুর্দান্ত ছন্দে থাকা দলে নাহিদ, তাসকিনরা না থাকলেও ইবাদত, খালেদ কিংবা নবাগত রবিউলরা প্রস্তুত চ্যালেঞ্জ নিতে। দলের সাথে যোগ দিয়েছেন কাউন্টি খেলে আসা পেসার হাসান মাহমুদও।
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আগামীতে আমাদের কিছু সিরিজ আছে। এ সিরিজে ভালো খেলে প্রস্তুতি ঠিক রাখতে চাই।’
অন্যদিকে সাদমান-শান্তদের দাপটে সবশেষ দেখায় নিজেদের ঘরের মাঠে বিশাল ব্যবধানে হারলেও আশা হারাচ্ছেন না স্বাগতিকরা। গত বছরেই সিলেটে বাংলাদেশকে হারানো সুখস্মৃতি কাজে লাগিয়ে আবারও জয়ের খোঁজে আছে রিচার্ড এনগারাভার দল। দারুণ পেস ইউনিটের পাশাপাশি ব্যাটিংয়েও বেন কারান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেইলদের দিয়ে বেশ শক্তিশালী দলটি।





