লজ্জার ও শোচনীয় পরাজয়ের গ্লানি এড়ানোর প্রচেষ্টায় ব্যর্থ হলেন বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ওয়ানডে সিরিজ হারের অস্বস্তিকর রেকর্ডের ভার বইতে হলো টাইগারদের।
প্রথম ম্যাচে চরম ব্যাটিং ব্যর্থতায় হারলেও দুর্দান্ত বোলিং করেছিলো টাইগাররা। তাই বৃহস্পতিবার হারারেতে পেস বান্ধব উইকেটে ফের একবার বোলিং নেন টাইগাররা কাপ্তান। মিরাজের ভরসার প্রতিদান দিয়ে শুরুতেই দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ।
এরপর মিরাজ-রানারা নিয়মিত বিরতিতে আরও দুই উইকেট তুলে নিয়ে খাদের কিনারায় ঠেলে দেয় রোডেশিয়ানদের। তবে আরও একবার ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৬৮ রানের জুটির পর যদিও দ্রুতই ফিরে যান সিকান্দার রাজা ও মাদান্দে।
আরও পড়ুন:
তবে সেই মোমেন্টাম কাজে লাগাতে পারেনি টাইগার বোলাররা। উল্টো অপরাজিত ৯৯ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরি তুলে নেন জিম্বাবুয়ের ওপেনার বেন কারান আর ঝড়ো ফিফটি করেন ব্রাড ইভান্স।
জবাব দিতে নেমে পাওয়ার প্লেতেই সৌম্য ও শান্তকে হারায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাল ধরেন তানজিদ তামিম ও তাওহীদ হৃদয়। ব্যক্তিগত ৫৭ রানে তামিম ফিরলেও মিডল অর্ডার নিয়ে রানের চাকা আগাতে থাকেন হৃদয়।
তবে হৃদয় ফিরলেই ভাঙন ধরে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। একে একে সোহান, মোসাদ্দেক, রিশাদরা ফিরলে একা হয়ে পড়েন অধিনায়ক মিরাজ। শেষ পর্যন্ত তাই লড়াই করেও হার এড়াতে পারেননি তিনি।
আর এই হারের মধ্যে দিয়েই লজ্জার চূড়ান্ত রূপই যেন দেখলো বাংলাদেশের ক্রিকেট। সিরিজের শেষ ওয়ানডেতে হার এড়িয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচাই এখন একমাত্র কামনা টাইগারদের।





