ক্রিকেট ইতিহাসে ‘দ্য বোম্ব স্কেয়ার টেস্ট’ নামে পরিচিত ১৯৭৩ সালের লর্ডস টেস্ট। শুধু মাঠের পারফরম্যান্স নয়, এক ভুয়া বোমা আতঙ্কের কারণেও এই ম্যাচ স্থান করে নিয়েছে ইতিহাসে।
২৩ থেকে ২৭ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত এই টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডকে এক ইনিংস ও ২২৬ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয়।
ম্যাচের দ্বিতীয় দিনে ফোনে বোমা হামলার হুমকি পাওয়ার পর প্রায় ২৮ হাজার দর্শককে মাঠ ছেড়ে যেতে বলা হয়। পরে তল্লাশিতে কোনো বোমা না পাওয়া গেলেও নিরাপত্তার স্বার্থে খেলা প্রায় ৮৫ মিনিট বন্ধ ছিলো।
আরও পড়ুন:
তবে মাঠে ছিলো শুধুই ওয়েস্ট ইন্ডিজের দাপট। রোহান কানহাই খেলেন ১৫৭ রানের দুর্দান্ত ইনিংস। গ্যারি সোবার্স করেন ১৫০ রান, আর তরুণ জুলিয়েন তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি। তাদের ব্যাটিংয়ে বিশাল সংগ্রহ গড়ে সফরকারীরা।
জবাবে ইংল্যান্ডের ব্যাটিং ছিল সম্পূর্ণ ব্যর্থ। প্রথম ইনিংসে মাত্র ২৩৩ রানে অলআউট হয়ে ফলো-অন এ পড়ে স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসেও প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ড। কেবল কিথ ফ্লেচারের লড়াকু ইনিংস পরাজয়ের ব্যবধান কিছুটা কমায়। শেষ পর্যন্ত ল্যান্স গিবস শেষ উইকেট তুলে নিয়ে নিশ্চিত করেন ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক জয়।
ম্যাচ শেষে ইংল্যান্ড অধিনায়ক রে ইলিংওয়ার্থ স্বীকার করেন, সব বিভাগেই পিছিয়ে ছিলেন তারা।
লর্ডসের সেই টেস্ট আজও ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায়। একদিকে ভুয়া বোমা আতঙ্ক, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত আধিপত্য দু’টি ঘটনাই ম্যাচটিকে দিয়েছে আলাদা পরিচয়। আর এই জয়ের মধ্য দিয়েই বিশ্ব ক্রিকেটে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ যুগের সূচনা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়।




