ডারউইনে টাইগারদের কর্তৃত্ব চলছেই

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট

ক্যামেরাবন্দি তানজিদের একটি শট
ক্যামেরাবন্দি তানজিদের একটি শট | ছবি: ইএসপিএন ক্রিকইনফো
0

ডারউইন টেস্টে প্রথম দিন বোলারদের দাপটের পর ব্যাটারদের দৃঢ়তায় দ্বিতীয় দিনের শেষেও চালকের আসনে বাংলাদেশ। দিন শেষে অজিদের বিপক্ষে ১৫৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান।

দ্বিতীয় দিনে ব্যাটিং ইনিংসে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। এছাড়া টেস্ট ক্যারিয়ারে ৭ম অর্ধশতকের দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্টার্ক-কামিন্সদের সামলে লিড বেশ খানিকটা এগিয়ে নিয়েছেন দুই ব্যাটার।

ম্যাচের প্রথম দিনে শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩৬ রানে মিচেল স্টার্কের বলে নাথান লায়নের হাতে ক্যাচ দিয়ে আউট হন সাদমান। দ্বিতীয় দিনে জশ হ্যাজেলউডের অফস্ট্যাম্পের বাইরের বাউন্সি বল ছুঁইয়ে দিয়ে ভুল করেন মুমিনুল হক, হন কট-বিহাইন্ড।

উইকেটকিপার অ্যালেক্স ক্যারি সহজ ক্যাচটি তালুবন্দি করতে ভুল করেননি, এতে ৪৯ রানে ফিরে যেতে হয় মুমিনুলকে। আর সেঞ্চুরির পর মাত্র ১ রান যোগ করে নাথান লায়নের বলে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিমও।

এরপর ক্রিজে আসেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, শান্তর সঙ্গে রানের চাকা এগিয়ে নিয়ে গড়েন ৬৬ রানের জুটি। শতকের আশা জাগিয়েও অধিনায়ক শান্ত ব্যক্তিগত ৮৪ রানে সাজঘরে ফিরে গেলে এ জুটি ভাঙে। শান্তর উইকেটটি তুলে নেন হ্যাজেলউড।

শান্ত ফিরে যাওয়ার পর সময় নেননি উইকেটকিপার ব্যাটার লিটন কুমার দাসও। স্টার্কের বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শূন্য রানেই। এরপর ব্যক্তিগত ৩৬ রান করে সেই স্মিথের হাতেই ক্যাচ তুলে দেন মুশফিকও। এ ক্যাচও তালুবন্দি করতে ভুল করেননি স্মিথ।

অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দু’টি করে উইকেট শিকার করেছেন হ্যাজেলউড ও স্টার্ক এবং একটি করে উইকেট পেয়েছেন নাথান লায়ন ও প্যাট কামিন্স।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে হাসান মাহমুদের বোলিং তোপে মাত্র ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অজিদের হয়ে সর্বোচ্চ ৭১ রান আসে স্মিথের ব্যাটে। টাইগারদের হয়ে সব্বোর্চ ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। দুটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও এবাদাত হোসেন।

এসএইচ