ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ক্রিকেট দল

অনুশীলনে বাংলাদেশ নারী ক্রিকেট দল
অনুশীলনে বাংলাদেশ নারী ক্রিকেট দল | ছবি: এখন টিভি
0

‘ভারতের সঙ্গে জিততে পারলে ইনশাআল্লাহ ফাইনালে উঠবো’— মারুফা আক্তারের কণ্ঠে এমন আত্মবিশ্বাসেই যেন প্রতিধ্বনিত হচ্ছে পুরো বাংলাদেশ দলের স্বপ্ন। নারী এশিয়া কাপের সেমিফাইনালে আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাটিংয়ে কিছুটা নড়বড়ে হলেও বোলিংয়ে দারুণ ছন্দে থাকা টাইগ্রেসদের বড় ভরসা মারুফা। আর শক্তিশালী ভারতের বিপক্ষে এই পেসারের আগুনঝরা বোলিংয়েই ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এশিয়া কাপে নারীদের স্বপ্ন এখন ফাইনালের। আর সেই স্বপ্নের পথে বাংলাদেশের সামনে শক্ত প্রতিপক্ষ ভারত।

ইন্দোনেশিয়ার বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু। এরপর শ্রীলঙ্কার কাছে হার। সেমিফাইনালে যেতে হলে শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতেই হতো জ্যোতির দলকে।

ব্যাট হাতে মাত্র ১০৩ রান, তবু বোলারদের দাপটে সেই রানই হয়ে ওঠে জয়ের পুঁজি। রাবেয়া খানের তিন উইকেটের সঙ্গে মারুফা আক্তার ও নাহিদা আক্তারের শিকার দু’টি করে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আমিরাতের সংগ্রহ থামে ৬৯ রানে।

বাংলাদেশি পেসার মারুফা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি, কারণ আমরা সেমিতে উঠেছি। আমরা যদি ভারতের সঙ্গে ম্যাচটি জিততে পারি, আমরা ফাইনালে খেলতে পারবো।’

আরও পড়ুন:

ভারতের বিপক্ষে লড়াইটা অবশ্য সহজ হবে না। দুর্দান্ত ফর্মে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপকে থামাতে বাংলাদেশের সবচেয়ে বড় ভরসা বোলিং। আর সেই আক্রমণে মারুফার গতি ও সুইং হতে পারে গুরুত্বপূর্ণ অস্ত্র। দলের জন্য নিজের সর্বোচ্চটা দেয়ার প্রত্যয় এই তরুণ পেসারের কণ্ঠেও।

মারুফা আক্তার বলেন, ‘আমি যেভাবে দলকে দিয়ে যাচ্ছি, দোয়া করবেন যেন এভাবেই দলকে দিয়ে যেতে পারি এবং অন্যরাও যেন এভাবে দলকে সাপোর্ট করতে পারে।’

ব্যাটিংয়ে চ্যালেঞ্জ থাকলেও বোলিংয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে মারুফাদের আগুনঝরা বোলিং। সেমিফাইনালে ফাইনালের টিকিট কাটতে সেটিই এখন বড় প্রত্যাশা।

এসএইচ