আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টের আগে বুধবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেসের পাশাপাশি ব্যাট-বল হাতেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা।
ইতিহাস বলছে আবু ধাবির উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়। তবে নিজেদের শক্তিমত্তা বিবেচনায় বাংলাদেশকে কাবু করতে স্পিন ফাঁদও পাততে পারে আফগানরা। তাই সবদিক মাথায় রেখেই অনুশীলনের কথা জানিয়েছেন হেড কোচ ফিল সিমন্স।
হেড কোচ ফিল সিমন্স বলেন, ‘উইকেটটি কিছুটা ধীরগতির হতে পারে, তবে এটি ভালো উইকেট বলে মনে হচ্ছে। তাই আমরা একটি ভালো উইকেটের জন্যই প্রস্তুতি নিচ্ছি। আমরা জানি আমাদের বেশ কয়েকজন স্পিনারের মুখোমুখি হতে হবে, তাই সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। প্রস্তুতি ভালো হয়েছে, ছেলেরা কঠোর পরিশ্রম করেছে, তাই আগামী কয়েক দিনের ম্যাচের জন্য আমরা মুখিয়ে আছি।’
এদিকে সদ্য সমাপ্ত এশিয়ান গেমস মিশন শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন টেস্ট স্কোয়াডের সদস্যরা। তবে অনুশীলনের চেয়ে আবহাওয়ার সঙ্গে তাদের মানিয়ে নেয়ার দিকেই জোর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
হেড কোচ ফিল সিমন্স আরও বলেন, ‘জাপান থেকে যারা এসেছে তারা তেমন অনুশীলন করেনি। এখানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে ২ দিন প্রয়োজন। আজ তাদের প্রথম দিনের গরমে বেশ ভালো মনে হয়েছে। আশা করি তারা খুব দ্রুতই মানিয়ে নিতে পারবে।’
আগামীকাল (শুক্রবার, ৯ অক্টোবর) আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট ম্যাচ।





