আফগানিস্তানের বিপক্ষে টেস্টের শেষ দিনে জয়ের সুবাস ছড়িয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এর জন্য অবশ্য কৃতিত্ব পাবেন আফগান ব্যাটাররা।
ম্যাচ শেষে তাই সংবাদ সম্মেলনে টাইগারদের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কণ্ঠে প্রতিপক্ষের প্রশংসা ঝরেছে।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমার মনে হয় যে ওদেরকে একটু ক্রেডিট দিতে হবে, ওরা যেভাবে ব্যাটিং করেছে এই কন্ডিশনে আমাদের এইরকম কোয়ালিটি বোলিং এর বিপক্ষে, আমার মনে হয় ক্রেডিট অবশ্যই ওদের আছে।’
তবে জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করার আক্ষেপ স্পষ্ট ছিল শান্তর কণ্ঠে। ঠিক সময়ে ক্যাচ ও রানআউটের সুযোগগুলো লুফে নিতে না পারার খেসারত দিতে হয়েছে ম্যাচ হাতছাড়া করে। বোলারদের মূল্যায়ন করতে গিয়ে পেসারদের পরিশ্রম ও ধারাবাহিকতার দারুণ প্রশংসা করলেও, টেস্টের শেষ দিনে স্পিনারদের কাছ থেকে আরও বেশি কার্যকারী পারফরম্যান্স প্রত্যাশা শান্তর।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আমাদের যে কোয়ালিটি স্পিনার বা ফাস্ট বোলার ছিলো, অবশ্যই আমাদের দশটা উইকেট এই ইনিংসে নেওয়া উচিত ছিলো, এখানে মাঝখানে আমরা তিন-চারটা অপরচুনিটিসও ক্রিয়েট করেছিলাম, যেগুলাও আমরা নিতে পারি নাই।’
তবে এতো কিছুর পরও দলের ইতিবাচক দিকগুলো তুলে ধরে লিটন দাসের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ অধিনায়ক। দুই ইনিংসে লিটনের অনবদ্য ব্যাটিংয়ের পাশাপাশি তীব্র গরমের মাঝে লম্বা সময় কিপিং করায় প্রশংসায় ভাষান লিটনকে।
তিনি আরও বলেন, ‘এই গরমের মধ্যে এরকম দুইটা ইনিংস খেলার পরে, তারপরে আবার এতগুলো ওভার কিপিং করে এটা আউটস্ট্যান্ডিং, আমার মনে হয় নয়টা না দশটা ডিসমিসালও ছিলো, সো আমার মনে হয় যে খুবই ভালো।’
সব মিলিয়ে আবুধাবির এই ড্র থেকে শিক্ষা নিয়ে সামনে আরও উন্নতির প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলপতি।





