ত্রিদেশীয় সিরিজের ব্যর্থ মিশন শেষে দম ফেলার সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। সামনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের স্কোয়াডে থাকলেও লিটন দাসকে নিয়ে দুশ্চিন্তায় বাংলাদেশ। শনিবারের ফিটনেস টেস্টে মিলবে চূড়ান্ত উত্তর।
হাবিবুল বাশার সুমন বলেন, ‘লিটন তো এখন চার নম্বরের ব্যাটসম্যান, ও তো এখন ওপেন করছে না বেশ কয়েকটি সিরিজ ধরেই। তাই ওকে আসলে ওপেনার হিসেবে বিবেচনা করছি না। কারণ, সে চার নম্বরে ব্যাট করে।’
এদিকে, টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকারের। সাম্প্রতিক ওয়ানডে সিরিজে রান না পেলেও তার পারফরম্যান্সকে বাদ পড়ার মূল কারণ হিসেবে দেখছেন না নির্বাচকরা। বরং একাদশে সুযোগ না পাওয়া ক্রিকেটারদের বসিয়ে না রেখে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার সুযোগ করে দেয়াই তাদের লক্ষ্য।
আরও পড়ুন:
প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের এখন ফার্স্ট ক্লাস ক্রিকেট চলছে। তো এখানে হয়তো আমাদের একাদশে পরিবর্তন আসার সম্ভাবনা কম। কোনো সমস্যা না হলে, ওপেনার যারা আছেন তারাই খেলবেন। সেক্ষেত্রে সৌম্য সরকারের একাদশে খেলার সম্ভাবনা কম। তো আমরা চাই তারা ফার্স্ট ক্লাস ক্রিকেটটা খেলুক।’
একই পরিকল্পনায় স্কোয়াডের বাইরে পেসার খালেদ আহমেদও। এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদের সঙ্গে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। চার পেসার নিয়েই আপাতত সন্তুষ্ট নির্বাচকেরা।
হাবিবুল বাশার বলেন, ‘প্রোসেসটা যাতে ঠিক থাকে, আউটকামটা পরে আমরা দেখবো। তবে আমাদের প্রোসেস যেভাবে ছিলো, সেভাবেই থাকবে। নাহিদ রানাকে এই সিরিজে মিস করাটা অনেক বড় সেটব্যাক। তবে ইনজুরি সমস্যার ক্ষেত্রে কিছু করার নেই আসলে। তবে তার অনুপস্থিতিতে যারা খেলছেন, আমি তাদেরও ছোট করছি না। তারাও অনেক ভালো করেছে। আমাদের বাকি পেসাররাও ভালো করছেন।’
উল্লেখ্য, আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।





