স্থানীয় সরকারের এক সূত্র জানিয়েছে, সংঘর্ষে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ও দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আদিফ এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, ‘দুটি ট্রেনের পেছন থেকে ধাক্কার পর মাদ্রিদ-আন্দালুসিয়া হাইস্পিড রেললাইনে চলাচল বন্ধ রাখা হয়েছে।’
কাস্তিয়া লা মাঞ্চা অঞ্চলের সরকারি মুখপাত্র জানিয়েছেন, সকাল ৯টার (গ্রিনিচ সময় ৮টা) পরপর রেনফে ও ইরিওর দুটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ইরিওর দুটি বগি লাইনচ্যুত হয়।
কাস্তিয়া লা মাঞ্চা টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লাইনচ্যুত ট্রেনের অন্তত একটি বগি উঁচু রেলপথের ওপর দাঁড়িয়ে আছে। আর নিচের ঢালে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিকৃত ধাতু, ভাঙা প্যানেল ও ধ্বংসাবশেষ। আদিফ জানিয়েছে, মাদ্রিদ থেকে সেভিলগামী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
নিকটবর্তী উরদা শহরের মেয়র ম্যানুয়েল গালান কাদেনা সেরকে জানিয়েছেন, জরুরি সেবা কর্তৃপক্ষকে যাত্রী ও আহতদের জন্য ক্রীড়া হলসহ জরুরি সুবিধা প্রস্তুত করতে বলেছে।
স্পেন সরকারের ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের কর্মসূচি বুধবারের জন্য বাতিল করা হয়েছে। বিরোধী পিপলস পার্টিও সব নির্বাচনি প্রচারণা অনুষ্ঠান বাতিল করেছে বলে দলটির এক মুখপাত্র জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রায় নয় মাস আগে একই লাইনে একই পরিচালন সংস্থার হাইস্পিড ট্রেনের মধ্যে দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। গত জানুয়ারিতে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীত দিক থেকে আসা ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ওই দুর্ঘটনা ঘটে। সেই ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে রেলপথ রক্ষণাবেক্ষণে বিনিয়োগ নিয়ে বিতর্কের সূত্রপাত করে।





