মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ব্যাট হাতে দারুণ কাটিয়েছে বাংলাদেশ। সাদমান ইসলামের অপরাজিত ৯৯ রানের ইনিংসে ভর করে বড় পুঁজিতে চোখ রেখে দিন শেষ করেছে টাইগাররা। টেস্ট ম্যাচ হিসেবে এদিন গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বাংলাদেশের খেলা দেখে খুশি ছিলেন সমর্থকরা। প্রথম ইনিংসে বড় সংগ্রহের পাশাপাশি জয়ের প্রত্যাশাও ছিল অনেকের কণ্ঠে।
বাংলাদেশের এক সমর্থক বলেন, ‘তৌহিদ হৃদয় আর হচ্ছে যে সাদমান ইসলাম খুব ভালো একটা জুটি করছে। তো এই ছোট ছোট ভুল গুলারে শুধরায়ে যদি হচ্ছে ভালো একটা ব্যাটিং করে, তাইলে দেখা যায় দিন শেষে আমরা ভালো একটা সংগ্রহ পাবো।’
আরও এক দর্শক বলেন, ‘ভালোই লেগেছে। সাদমান ইসলামকে অনেকদিন অনেক প্রায় বেশ কিছু ইনিংস পর ভালো ছন্দে দেখা যাচ্ছে। তার এই ধারাবাহিকতা সামনের ইনিংসগুলোতে এবং সামনের ম্যাচগুলোতে বজায় রাখবে।’
মূলত বিনামূল্যে মিরপুর টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন সাধারণ দর্শকরা। বিসিবির এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন খেলা দেখতে আসা সবাই। তবে গ্যালারির সুযোগ-সুবিধা নিয়ে সমর্থকদের মাঝে ছিল মিশ্র প্রতিক্রিয়া।
বাংলাদেশের খেলা দেখতে আসা এক দর্শক বলেন, ‘ওই সাইডে ফ্যান লাগাইছে, আমরা এই জায়গায় ফ্রিতে খেলা দেখতাসি তাই আমাদেরকে ফ্যান দেয় নাই।ফ্রি উদ্যোগটা থাকলে টেস্টের জন্যে ভালো হবে, টেস্টে আমাদের মাঠে দরকার।’
ছুটির দিন না হলেও গ্যালারিতে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভবিষ্যতেও এমন সুযোগ-সুবিধার প্রত্যাশা করছেন ক্রীড়াপ্রেমীরা।





