ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাতের কারণে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামতে পারেননি মুমিনুল হক।
আইসিসির কনকাশন প্রটোকল অনুযায়ী, অন্তত সাত দিন মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে সিলেট টেস্টের দল থেকে মুমিনুলকে বাদ দেয়া হয়েছে। তার জায়গায় সুযোগ পেয়েছেন অমিত হাসান।
বাংলাদেশের দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন এই একটিই। জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অমিতের টেস্ট অভিষেক হয়েছিল। সেবার দুই ইনিংসে যথাক্রমে ৪ ও ২৫ রান করার পর আর টেস্ট খেলার সুযোগ পাননি।
তবে জাতীয় লিগে দুর্দান্ত ফর্মে আছেন এই ব্যাটার। সিলেটের হয়ে পাঁচ ইনিংসে ৩৬১ রান, সঙ্গে রয়েছে ডাবল সেঞ্চুরিও। আর তাই মুমিনুলের অনুপস্থিতিতে ব্যাটিংয়ে তার ওপর থাকবে বাড়তি দায়িত্ব।





