সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ৫ দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ

মাঠে অনুশীলন করছে খেলোয়াড়রা
মাঠে অনুশীলন করছে খেলোয়াড়রা | ছবি: এখন টিভি
0

আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপার লক্ষ্যে ঢাকায় ৫ দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ২০২৪ সালের শিরোপাজয়ীরা এবারও চোখ রাখছে ট্রফিতেই। প্রবাসী কোচ ও খেলোয়ারদের সংযোজনে আরও শক্তিশালী হয়েছে বাংলার যুবাদের দলটি।

২৩ মার্চ মালদ্বীপে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। শিরোপার লক্ষ্যে আজ থেকে ঢাকায় ৫ দিনের ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। ২১ মার্চ মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজের প্রতিনিধিরা।

টুর্নামেন্টটির জন্য আয়ারল্যান্ড থেকে উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচ মার্ক কক্সকে উড়িয়ে এনেছে বাফুফে। ম্যানচেস্টার ইউনাইটেডসহ প্রিমিয়ার লিগের একাধিক যুব দলে কাজের অভিজ্ঞতাসম্পন্ন কক্স ঢাকার স্টেডিয়াম দেখে মুগ্ধ। নিজের মুঠোফোনেই ধারণ করেছেন জাতীয় স্টেডিয়ামের সোর্ন্দয্য।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচ মার্ক কক্স বলেন, ‘কি দারুণ একটি স্টেডিয়াম আছে এখানে তোমাদের। এ অঞ্চলে আমার দেখা বাকি স্টেডিয়ামের থেকে এটি অবশ্যই বেশ ভালো। আমরা তাড়াতাড়ি কিছু করতে চাই না। ধাপে ধাপে নিজেদের তৈরি করেই মালদ্বীপের উদ্দেশে রওনা করবো।’

ক্যাম্পে যোগ দেয়া প্রবাসী ফুটবলার ফারজাদ সৈয়দ আফতাব আবহাওয়াকে দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। তবে তা কাটিয়ে উঠতে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের উইঙ্গার ফারজাদ সৈয়দ আফতাব বলেন, ‘আবহাওয়া বেশ গরম। তবে মালদ্বীপেও গরম থাকবে।’

আরও পড়ুন:

ক্যাম্পের প্রথম দিনে আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার পর ডিফেন্ডার মিঠু চৌধুরী জানান, তাদের চোখ এখন কেবল ট্রফিতে।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ডিফেন্ডার মিঠু চৌধুরি বলেন, ‘আমাদের টার্গেট আছে আমরা এখন কীভাবে শিরোপা দেশে আনবো। সেভাবে আমরা ম্যাচ বাই ম্যাচ টার্গেট করছি।’

সহকারী কোচ আতিকুর রহমান মিশু জানান দলের পরবর্তী লক্ষ্য নিয়ে। বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৩ ফুটবলার থেকে সেরাদের বেছে নেয়াটাই এখন নতুন কোচের মূল চিন্তা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের আতিকুর রহমান মিশু বলেন, ‘আমরা ঘুরিয়ে ফিরিয়ে ৩৩ জনকে খেলানোর চেষ্টা করেছি। কোচ হয়তো প্লেয়ার সিলেক্ট করেছে। তাদের নিয়েই আমরা আগামীতে সেশন প্ল্যান করবো।’

আগামী ২৪ মার্চ পাকিস্তান ও ২৮ মার্চ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০২৪ এর চ্যাম্পিয়ন বাংলাদেশের স্বপ্ন ১ এপ্রিল সেমিফাইনাল ও ৩ এপ্রিল ফাইনাল খেলা।

এফএস