ফের স্বপ্ন ভঙ্গ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির

ইতালি ফুটবল দল
ইতালি ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

আরও একবার তীরে এসে তরী ডুবলো ইতালির। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের প্লে অফে টাইব্রেকারে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কাছে হেরে মূল পর্বে খেলার সুযোগ হারিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এদিকে রাতে ভিন্ন ম্যাচে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে চেক প্রজাতন্ত্র, তুরস্ক ও সুইডেন।

২০১৮ (রাশিয়া) ও ২০২২ (কাতার)-এর পর ২০২৬ (যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা) সালের বিশ্বকাপেও খেলা হচ্ছে না আজ্জুরিদের।

বসনিয়ার ঘরের মাঠ বিলিনো পোলিয়ে স্টেডিয়ামে ময়জে কিনের গোলে ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল ইতালি। ৪১ মিনিটে আলেসান্দ্রো বাস্তোনি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিণত হয় আজ্জুরিরা।

আরও পড়ুন:

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বসনিয়া। সেই ধারায় ৭৯ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান হারিস তাবাকোভিচ। টাইব্রেকারে ইতালির এসপোসিতো ও ব্রায়ান ক্রিস্তানতে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হলে ৪-১ ব্যবধানের জয়ে বিশ্বকাপে জায়গা করে নেয় বসনিয়া।

একই রাতে নির্ধারিত সময়ে ব্যবধান ২-২ থাকার পর টাইব্রেকারে ডেনমার্ককে ৩-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্র। পোল্যান্ডকে ৩-২ ব্যবধানে সুইডেন এবং কসোভোকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের মূলপর্বে নিজেদের জায়গা নিশ্চিত করেছে তুরস্ক।

জেআর