সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: আজ ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অনুশীলন | ছবি: এখন টিভি
1

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) রাতে মাঠে নামছে বাংলাদেশ। টানা দ্বিতীয়বারের মতো আঞ্চলিক এই শিরোপার লড়াইয়ে দেখা যাবে বাংলাদেশকে। তবে প্রবাসী তারকাদের দলে নিয়ে এবারে শিরোপার প্রশ্নে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।

আরও একবার সাফ ফুটবলের ফাইনালে বাংলাদেশ। আরও একবার প্রতিপক্ষ ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলের দুই বড় দল আবার অনূর্ধ্ব-২০ এর শিরোপার লড়াইয়ে নিজেদের মুখোমুখি। যেখানে বাংলাদেশ চাইছে শিরোপা ধরে রাখতে। আর ভারতের লক্ষ্য ২০২২ সালের পর আবারও বয়সভিত্তিক সাফের শিরোপা উঁচিয়ে ধরা।

আরও পড়ুন:

বাংলাদেশের সামনে ম্যাচটি কিছুটা প্রতিশোধের। এখন পর্যন্ত বয়সভিত্তিক পর্যায়ে পাঁচ বার ফাইনালে উঠে কেবল একবারই শিরোপা জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। যেখানে ভারতের বিপক্ষে তিন বার খেলে প্রতিবারই হতে হয়েছে হতাশ। ২০১৯, ২০২২ এবং ২০২৫ সালে ভারতের বিপক্ষে হেরে যায় বাংলাদেশের। মাঝে ২০২৪ সালে অনূর্ধ্ব-২০ সাফের শিরোপা বাংলাদেশ ঘরে তুলেছিল নেপালকে হারিয়ে।

তবে ফাইনালে ভারতের বিপক্ষে টানা হারের চিত্রটা এবার বদলাতে চান বাংলাদেশের কোচ মার্ক কক্স। অধিনায়ক মিঠুর কণ্ঠেও আত্মবিশ্বাস।

আরও পড়ুন:

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের অধিনায়ক মিঠু চৌধুরী বলেন, ‘আমরা প্রস্তুত। আমি আগেই কোনো কিছু বলতে চাই না। আমি ট্রফির পরে সবকিছু বলবো। দেশবাসীর কাছে আমাদের এতটুকুই বলা, আপনারা আমাদের জন্য দোয়া করেন।’

ফাইনাল সামনে রেখে বৃহস্পতিবার নিজেদের শেষ অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ। মালদ্বীপে মালেতে শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ফাইনাল ম্যাচ।

এসএস