অপেক্ষা আর উত্তেজনা নিয়ে চলছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ ক্ষণগণনা

ফিফা বিশ্বকাপের ট্রফি
ফিফা বিশ্বকাপের ট্রফি | ছবি: সংগৃহীত
0

শুরু হয়ে গেল ফিফা ফুটবল বিশ্বকাপের ক্ষণগণনা। উত্তর মহাদেশে আটলান্টিক পাড়ের তিন দেশে গড়াবে এবারের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে গড়াবে বিশ্বকাপ। মাঠে গড়ানোর দিনেই এবারের ফিফা বিশ্বকাপ জন্ম দিবে বহু রেকর্ডের। পরিসংখ্যানের পাতা ২০২৬ বিশ্বকাপ।

চার বছরের অপেক্ষা। ৪৮ টি স্থানের জন্য বিশ্বের ২০১ দেশের লড়াই। কখনো কখনো যোগ্যতা অর্জনই হয়ে ওঠে জাতীয় উৎসবের বড় প্রতীক। ইরাক, কেপ ভার্দে, কঙ্গো প্রজাতন্ত্রের মতো দেশগুলোতে বিশ্বকাপ হাজির হচ্ছে বর্ণিল এক অধ্যায় হয়ে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর মাটি থেকে ফুটবল সৌন্দর্য্য এবার রঙ ছড়াবে পুরো বিশ্বে।

এবারই প্রথম ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে তিন ভিন্ন দেশে। এর আগে ২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়া ছিল যৌথ আয়োজক। এবারে তাতে যুক্ত হচ্ছে আরও একটি দেশ। সেইসঙ্গে আরও কিছু প্রথমের স্বাক্ষী হবে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। প্রথমবার বিশ্বকাপে থাকছে ৪৮ দেশ। ম্যাচ ৬৪ থেকে বেড়ে হবে ১০৪।

আরও পড়ুন:

এবারের বিশ্বকাপে নতুন ইতিহাস গড়তে চলেছে মেক্সিকো। প্রথম দেশ হিসেবে তিনটি আলাদা বিশ্বকাপের আয়োজক হবে তারা। ১৯৭০ এবং ১৯৮৬ সালের পর আবারও বিশ্বকাপের আয়োজন করবে তারা। আর বিখ্যাত অ্যাজটেকা প্রথম স্টেডিয়াম হিসেবে আয়োজন করবে তিন বিশ্বকাপের ম্যাচ।

বিশ্বকাপ চলবে ৩৯ দিন। টুর্নামেন্টের ৯৬ বছর এবং ২৩ আসর মিলিয়ে সবচেয়ে বড় আসর হতে চলেছে এবারেই। আর এবারের বিশ্বকাপ দিয়ে অভিষেক হচ্ছে কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান এবং উজবেকিস্তানের। আর ব্রাজিল সব বিশ্বকাপে খেলার রেকর্ড ধরে রাখছে এবারেও।

বিশ্বকাপের মোট ভেন্যু থাকছে ১৬টি। অ্যাজটেকা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। আর প্রেস্টিজিয়াস ফাইনালের দায়িত্ব পাচ্ছে মেটলাইফ স্টেডিয়াম। সবকিছু ঠিক থাকলে সবচেয়ে বেশি দর্শকের বিশ্বকাপ হতে চলেছে ২০২৬ সালের এই আসরটি।

জেআর