এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রবাসী প্রতিভার দিকে ঝুঁকেছে বাফুফে। ইংল্যান্ড প্রবাসী দুই তরুণ তুর্কি অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফকে দলে নেয়ার ঘোষণা দিয়েছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।
বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের আমরা পাসপোর্টের কাজ শুরু করেছি। আমি আশা করি বাই মিড জুন তার সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ।’
আরও পড়ুন:
১৯ বছর বয়সি উইঙ্গার অ্যাডাম আব্বাসের প্রোফাইল বাফুফের টেকনিক্যাল টিমকে মুগ্ধ করেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের যুব একাডেমি থেকে উঠে আসা অ্যাডাম খেলেছেন বার্নলির অনূর্ধ্ব-১৮ দলেও। একই সঙ্গে রক্ষণভাগ শক্তিশালী করতে আসছেন ১৮ বছর বয়সি দীর্ঘদেহী সেন্টারব্যাক জিদান ইউসুফ। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এ ডিফেন্ডারের পাসপোর্টের কাজ এরই মধ্যেই শেষ হয়েছে বলে জানান বাফুফের সহ-সভাপতি।
ফাহাদ করিম আরও জানান, জাতীয় দলের জন্যও একজন প্রবাসী ফুটবলারের সাথে আলোচনা চলছে।
ফাহাদ করিম বলেন, ‘আমরা সব সময় রেডি। আমরা হয়তো জুনে পাচ্ছি না, বাট আমরা রিয়েলি হোপ যে সাফ-এ যেন আমরা তাকে পাবো।’
তবে যুব দলে রোনান ও ডেক্লান সুলিভানের পর জিদান-আব্বাসের অন্তর্ভুক্তি অনূর্ধ্ব-২০ দলটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। একের পর এক প্রবাসী তারকাদের আগমনে লাল-সবুজ জার্সিতে দিন বদলের গান গাইতে প্রস্তুত বাংলাদেশের ফুটবল, এমনটাই মনে করছেন সমর্থকেরা।





