গোয়ায় বসতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের মহাযুদ্ধ। আর সেই লড়াইয়ের প্রস্তুতিতে বুধবার মাঠে নেমেছে বাংলাদেশ নারী দল। কমলাপুর স্টেডিয়ামে দিনের আলো ফুটতেই ভোর ছটায় অনুশীলন শুধু করে পিটার বাটলারের শিষ্যরা।
অনুশীলনের শুরুতেই ছিলো তীব্রতা, ছিলো প্রতিজ্ঞা। ঘাসের ওপর দৌড়, ঘামে ভেজা জার্সি প্রতিটি মুহূর্তে স্পষ্ট, এ দল থামতে জানে না। ফিটনেসের নানা কসরত, নিখুঁত পাসিং, আর ছোট ছোট ড্রিলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ঋতুপর্ণা-তহুরারা। দীর্ঘ বিরতির পর আবার এক ছন্দে ফিরতে চায় পুরো দল।
আরও পড়ুন:
নতুন-পুরনোদের মেলবন্ধনে গড়ে উঠছে আরেকটি শক্তিশালী স্কোয়াড। কোচিং স্টাফও ধাপে ধাপে বাড়াচ্ছে অনুশীলনের চাপ। কারণ সামনে যে কঠিন পরীক্ষা। দক্ষিণ এশিয়ার প্রতিটি প্রতিপক্ষই এখন বাংলাদেশের দিকে তাকিয়ে। কারণ, চ্যাম্পিয়নদের হারানোই তো সবার লক্ষ্য। তবে চ্যালেঞ্জ যত বড়, প্রত্যয়ও ততটাই দৃঢ় লাল-সবুজের প্রতিনিধিদের।
আগামী ২৫ মে ভারতের গোয়ায় আয়োজিত হবে নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। দুই গ্রুপে ভাগ হয়ে এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ৬টি দল। গোয়ায় হ্যাটট্রিক শিরোপা ধরে রাখার মিশন এখন থেকেই শুরু। এই ধারাবাহিকতায় থাইল্যান্ডে ২ সপ্তাহের ক্যাম্প করবে মনিকা-সাগরিকারা। প্রস্তুতির এই ঘামই হয়তো লিখবে নতুন ইতিহাস।





