রিয়ালকে হারিয়েই শিরোপা উৎসবে বার্সা

শিরোপা উৎসবে বার্সা
শিরোপা উৎসবে বার্সা | ছবি: সংগৃহীত
0

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়েই স্প্যানিশ লা লিগার ২৯তম শিরোপা জিতলো বার্সেলোনা। দীর্ঘ বিরতির পর নিজেদের মাঠ ন্যু ক্যাম্পে এটিই ছিলো প্রথম এল ক্লাসিকো। আর তাতে দারুণ এক জয়ে সমর্থকদের সামনেই শিরোপা উৎসব করলো বার্সা। গতকাল (রোববার, ১০) দিবাগত রাতে স্পটিফাই ক্যাম্প ন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগেই নিজের বাবাকে হারিয়েছিলেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। তবে পেশাদারিত্বের প্রতি সম্মান জানিয়ে দাঁড়ালেন ডাগআউটেউ। শিষ্যরাও তাকে নিরাশ করেনি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ঘরের মাঠে হারিয়েই শিরোপা উৎসব করেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।

নিজেদের কাজটা বার্সেলোনা শেষ করেছে ২০ মিনিটের মাঝেই। ৯ম মিনিটে মার্কাস রাশোফোর্ডের দুর্দান্ত এক ফ্রিকিকে লিড নেয় কাতালান জায়ান্টরা। আর ১৮ মিনিটে দানি ওলমোর ব্যাকহিল থেকে ফেরান তোরেসের নিখুঁত ফিনিশিং। ন্যু ক্যাম্পে তখন থেকেই শুরু উৎসবের।

আরও পড়ুন

সাম্প্রতিক সময়ে নিজেদের কলহে বেশ বিধ্বস্ত রিয়াল মাদ্রিদ। মাঠের খেলাতেই পড়লো তার ছাপ। চুয়ামেনির মিস কিংবা বেলিংহামের অফসাইড গোল ছাড়া কার্যকর কিছুই করে দেখাতে পারেনি লস ব্লাঙ্কোসরা। সময়ের সঙ্গে সঙ্গে আরও বেশি হতাশা উপহার দিয়েছে রিয়াল।

দুই দলের সুদীর্ঘ প্রতিদ্বন্দ্বীতার ইতিহাসে এবারই প্রথম এল-ক্লাসিকোতেই হলো শিরোপা জিতলো বার্সা। এর আগে ১৯৩২ সালে ২-২ গোলে ড্র করে লিগ টাইটেল নিশ্চিত করেছিল রিয়াল। এই ম্যাচের মাধ্যমে টানা ৫৫টি ম্যাচে গোল করার নজির গড়েছে বার্সেলোনা। ক্লাবের ইতিহাসে ২০১২-১৩ মৌসুমের ৬৪ ম্যাচের পর যা দ্বিতীয় সর্বোচ্চ।

হ্যান্সি ফ্লিক টানা দুইবার স্প্যানিশ শ্রেষ্ঠত্ব এনে দিলেন ব্লু-গ্রানা শিবিরে। সবমিলিয়ে এটি জার্মান কোচের অধীনে বার্সার ৫ম শিরোপা। বার্সেলোনার ক্লাব ইতিহাসে মাত্র ৪র্থ কোচ হিসেবে নিজের প্রথম দুই মৌসুমেই লিগ শিরোপা জিতেছেন ফ্লিক। তবে, ৯১ পয়েন্ট পাওয়া বার্সার সামনে লক্ষ্য পরের ৩ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের সেঞ্চুরি পূরণ করা।

জেআর