হামজা-শোমিতদের দায়িত্বে থমাস ডুলি; দাবি আগেই চুক্তি সেরে ফেলার

থমাস ডুলি
থমাস ডুলি | ছবি: সংগৃহীত
0

গোপনে জাতীয় ফুটবল দলের হেড কোচ চূড়ান্ত করে ফেলেছে বাফুফে। দুইদিন আগে সেরে ফেলেছে চুক্তিও। হামজা-শোমিতদের দায়িত্ব নিয়েছেন মার্কিন কোচ থমাস ডুলি। এমনটাই দাবি ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের। কোচ নিয়ে বাফুফের এমন লুকোচুরির কারণে ভক্তরাও ক্ষিপ্ত।

বাংলাদেশ ফুটবল দলের হেড কোচ কে হচ্ছেন? এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। সমর্থকদের অধীর অপেক্ষা যেন ফুরায় না! বারবার নাম ঘোষণার দিন-তারিখ জানিয়েও, পিছপা হয়েছে বাফুফে। এ নিয়েও ক্ষোভের অন্ত নেই সমর্থকদের।

এসবের মধ্যেই জানা গেছে, কোচ হিসেবে থমাস ডুলির সঙ্গে চুক্তি সেরে ফেলেছে বাফুফে। আনুষ্ঠানিক কোন ঘোষণা না এলেও, ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটে দাবি, গেল ১৯ মে যুক্তরাষ্ট্রের সাবেক এই অধিনায়ক দুই বছরের জন্য বাংলাদেশের হেড কোচের দায়িত্ব নিয়েছেন!

আরও পড়ুন:

এর আগে গত ১৩ মে নতুন চ্যালেঞ্জ নেয়ার কথা জানিয়ে গায়ানা জাতীয় দলের হেড কোচের পদ ছাড়েন ডুলি। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সমর্থকরাও ধরে নিচ্ছেন, তিনিই হতে যাচ্ছেন হামজা-জামালদের নতুন কোচ। আর এমন সিদ্ধান্তের প্রতিবাদে বাফুফে ভবনের সামনে বিক্ষোভও করেছেন দেশের ফুটবল ভক্তদের একাংশ।

৬৫ বছর বয়সী থমাস ডুলি এর আগে যুক্তরাষ্ট্রের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন। কাজ করেছেন জার্মান কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের সঙ্গে। বাফুফে তাকে এগিয়ে রাখার অন্যতম কারণ হতে পারে এশিয়ায় কাজ করার অভিজ্ঞতা। ফিলিপাইন জাতীয় দলের হেড কোচের পাশাপাশি ভিয়েতনামের ক্লাব ভিতেল এফসির দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা আছে তার। পাশাপাশি কোলম্যান-স্টর্কদের তুলনায় তাকে বেশ কম দামেই পাওয়া যাচ্ছে বলেও জানা গেছে।

সব ঠিকঠাক থাকলে সান ম্যারিনো ম্যাচের আগে আগামী ২৪ তারিখ থেকেই বাংলাদেশ দলের নতুন কোচ হিসেবে দেখা যেতে পারে থমাস ডুলিকে।

এফএস