এমবাপ্পের জোড়া গোলে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

গোলের পর কিলিয়ান ও দেম্বেলে
গোলের পর কিলিয়ান ও দেম্বেলে | ছবি: সংগৃহীত
0

ইরাককে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে দিদিয়ে দেশমের দল। জোড়া গোল করে ফ্রান্সের জার্সিতে শততম ম্যাচ স্মরণীয় করে রাখলেন কিলিয়ান এমবাপ্পে। এ নিয়ে বিশ্বকাপে ১৬ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৬তে।

বৈরি আবহাওয়ার কারণে দীর্ঘ বিরতির মধ্যেও ম্যাচে দাপট ধরে রাখে ফ্রান্স। ফিলাডেলফিয়ার ‘আই’ গ্রুপের ম্যাচটি শুরু হয়েছিল স্থানীয় সময় বিকেল পাঁচটায়। তবে প্রথমার্ধের পর বজ্রঝড় ও ভারী বৃষ্টির কারণে দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে।

বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় শুরু হওয়া ম্যাচ শেষ হয় আজ (মঙ্গলবার, ২৩ জুন) সকাল প্রায় ৭টায়। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো ফ্রান্স। ১৪ মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে।

প্রথমার্ধে ইরাকের ওপর চাপ থাকলেও বড় সুযোগ তৈরি করতে পারেনি ফ্রান্স। বৃষ্টি শুরু হলে বদলে যায় ম্যাচের পরিস্থিতি। বিরতির পর পুনরায় শুরু হওয়া ম্যাচে দ্রুত ব্যবধান বাড়ায় ফ্রান্স। ৫৪ মিনিটে প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এটি ছিলো ফ্রান্সের জার্সিতে তার শততম ম্যাচ, আর সেই ম্যাচে জোড়া গোল করে উজ্জ্বল করেন নিজের মাইলফলক।

এ নিয়ে বিশ্বকাপে ১৬ ম্যাচে তার গোলসংখ্যা এখন ১৬তে। এবারের আসরে দুই ম্যাচে করেছেন ৪ গোল। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ওসমান দেম্বেলে। মাইকেল ওলিসের পাস থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে নিশ্চিত করেন ফ্রান্সের জয়।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে ফ্রান্স, আর শূন্য পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে ইরাক। বৃষ্টি-বাঁধা দীর্ঘ ম্যাচেও শেষ হাসি হাসল ফ্রান্স। আর এমবাপ্পের শততম ম্যাচ হয়ে থাকল রেকর্ড আর জয়ের এক অনন্য রাত।

জেআর