বিশ্বকাপ গ্রুপপর্বের একদম শেষ পর্যায়ে খেলা চললেও গ্রুপ ‘এইচ’ থেকে এখনো কোনো দল নিশ্চিত করতে পারেনি পরবর্তী রাউন্ডের টিকিট। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য সকালে মাঠে নামবে সাবেক দুই চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে। হিসেবের মারপ্যাঁচে একই মিশনে নামছে নবাগত কেপ ভার্দে ও সৌদি আরবও।
মেক্সিকোর গুয়াদালহারায় আগামীকাল (শনিবার, ২৭ জুন) সকাল ৬টায় হাইভোল্টেজ ম্যাচের আগে উত্তাপ ছড়াচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন। নিজেদের প্রথম ম্যাচে কেপভার্দের বিপক্ষে ড্র করে হতাশা নিয়ে আসর শুরু করলেও, পরের ম্যাচে সৌদি আরবকে উড়িয়ে ঘুরে দাঁড়ায় স্পেন। ফিনিশিংয়ে দুর্বলতা থাকলেও ইয়ামাল-পেদ্রিরা ছন্দে ফেরায় স্বস্তিতে স্পানিশ শিবির। উরুগুয়ের বিপক্ষে ড্র করলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ ৩২-এ পৌঁছাবে তারা, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ আলজেরিয়া বা অস্ট্রিয়া।
অন্যদিকে আপাতত গ্রুপ রার্নাস আপ পজিশনে থাকলেও স্বস্তিতে নেই উরুগুয়ে। নিজেদের প্রথম দুই ম্যাচেই ড্র করেছে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া তো বটেই পরের রাউন্ডে রার্নাস আপ হিসেবে যেতে হলেও স্পেনের বিরুদ্ধে জয়টা খুবই গুরুত্বপূর্ণ ভালভার্দে-নুনেজদের জন্য।
অবিশ্বাস্য হলেও সত্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমবারের মতো বিশ্বকাপে আসা কেপ ভার্দেরও। ঠিক একই সময়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনে সৌদির বিরুদ্ধে মাঠে নামবে তারা। স্পেন ও উরুগুয়ে উভয়কেই রুখে দেয়া কেপ ভার্দে সৌদি আরবকে যদি হারিয়ে দেয় আর উরুগুয়ের কাছে যদি স্পেন হেরে যায় তবে তারা হতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন। অন্যদিকে সৌদির লক্ষ্য শেষ ম্যাচটি জিতে অন্তত গ্রুপের তৃতীয় সেরা দল হয়ে পরের রাউন্ডে যাওয়া।
এ দুই ম্যাচের ওপরই নির্ভর করছে কারা হতে যাচ্ছে পরের রাউন্ডে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ। এখন পর্যন্ত সমীকরণে উরুগুয়ে থাকলেও, ঘটন অঘটন আর চমকের অপেক্ষায় থাকা শনিবার সকালের ফলাফলে সেখানে চলে আসতে পারে স্পেন বা কেপ ভার্দেও। গ্রুপ এইচ সত্যিকার অর্থে হয়ে গেছে ‘গ্রুপ অফ ডেথ’।





