বয়স শুধুই সংখ্যা, মাসচেরানো ও জাভির চোখে মেসিই ‘সর্বকালের সেরা’

মাসচেরানো ও জাভি
মাসচেরানো ও জাভি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের মাঝপথে ৩৯ বছরে পা রাখা লিওনেল মেসির জন্য বয়স যেন শুধুই একটি সংখ্যা। গোল, অ্যাসিস্ট আর অনন্য নৈপুণ্যে আর্জেন্টিনাকে আরেকটি বিশ্বকাপ ফাইনালে তুলেছেন তিনি। মেসিকে নিয়ে এবার মুখ খুলেছেন তার সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানো এবং স্পেন কিংবদন্তি জাভি হার্নান্দেজ। দুজনের চোখেই মেসি ‘সর্বকালের সেরা’।

বিশ্বকাপের মাঝেই পেরিয়েছেন ৩৯ বছরের কোটা। অনেকেই ভেবেছিলেন, হয়তো দলের বোঝা হিসেবেই দেখা যাবে তাকে। কিন্তু উল্টো এ বয়সেও দলের নেতা তিনি। গোল-অ্যাসিস্টের সঙ্গে মাঠের জাদুকরী সব মুহূর্তে আসরের সেরা খেলোয়াড়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে লিওনেল মেসি।

মেসির নৈপুণ্যে আরো একবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা। মেগা লড়াইয়ের আগে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জাতীয় দলে তার সাবেক সতীর্থ হ্যাভিয়ের মাসচেরানো।

আর্জেন্টিনার সাবেক ফুটবলার হ্যাভিয়ের মাসচেরানো বলেন, ‘আপনি কি জানেন, সে সত্যিই একজন বিশেষ মানুষ। তাকে অন্য কারও সঙ্গে তুলনা করা যায় না। সে সম্পূর্ণ আলাদা, একেবারেই ভিন্ন। আমরা যখনই তাকে খেলতে দেখি, প্রতিবারই অবাক হয়ে যাই। সে এমন অনেক কিছু করে, যা আমরা অন্য কোনো খেলোয়াড়ের কাছ থেকে কখনোই দেখতে পাব না।’

আরও পড়ুন

মেসিই ফুটবলের আসল রাজা মনে মন্তব্য করেছেন মাসচেরানো। আর্জেন্টিনার জয়ের মূল চাবিকাঠি তার হাতেই থাকবে বলে মনে করেন সাবেক এই ডিফেন্ডার। মেসির মতো খেলোয়াড় আর কখনো আসবে না বলেও মত মাসচেরানোর।

আর্জেন্টিনার সাবেক ফুটবলার হ্যাভিয়ের মাসচেরানো বলেন, ‘আমার মনে হয়, ভবিষ্যতে তার মতো একজন খেলোয়াড় খুঁজে পাওয়া খুবই কঠিন হবে। আমি বলব, সেটা অসম্ভব। আমার মনে হয় মেসি এখনো প্রমাণ করে যাচ্ছে যে এ খেলার আসল রাজা সেই। কখনো কখনো সে নিজেই সিদ্ধান্ত নেয় যে এ ম্যাচটা সে জিতবে-এবং সে সত্যিই সেটা করে দেখাতে পারে।’

মেসিকে নিয়ে প্রশংসা ঝরেছে ফাইনালের প্রতিপক্ষ স্পেনের কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজের মুখেও। তার কাছে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।

স্পেন জাতীয় দলের সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ বলেন, ‘আমরা গ্যালারিতে বসে ছিলাম। একসঙ্গে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ দেখছিলাম। তখন সে আমাকে বলল, ‘৩৯ বছর বয়স আর দেখো, মেসি কী করছে!’ সত্যিই অবিশ্বাস্য! এটা প্রকাশ করার মতো কোনো শব্দ নেই, একেবারেই নেই। আমার মতে, মেসি ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা। এখনও সে মাঠে নেমে পার্থক্য গড়ে দিচ্ছে। তার জয়ের ক্ষুধা, তার মানসিকতা- সে একজন প্রকৃত যোদ্ধা। নিঃসন্দেহে, সেরাদেরও সেরা।’

শিরোপার লড়াইয়ে মেসিই দুই দলের মধ্যে পার্থক্য করে দেবেন বলে মত মাসচেরানো ও জাভির।

জেআর