আমার অধ্যায় শেষ— জাতীয় দলকে বিদায় বললেন নেইমার

নেইমার ডি সিলভা জুনিয়র
নেইমার ডি সিলভা জুনিয়র | ছবি: সংগৃহীত
0

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না তারকা ফুটবলার নেইমার ডি সিলভা জুনিয়রকে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন সেলেসাওর সর্বকালের অন্যতম সেরা এ ফুটবলার।

গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪–২ গোলে হারিয়েছে সান্তোস। এরপর মিক্সড জোনো সান্তোস তারকা জানান, ব্রাজিলের হয়ে তার পথচলা শেষ।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে সরাসরি নেইমার বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার সব রোমাঞ্চকর অধ্যায় এখন শেষ। আমি সেখানে ইতিহাস তৈরি করেছি এবং তাতেই আমি অত্যন্ত সুখী।’

আন্তর্জাতিক ফুটবলে নিজের পথচলা প্রসঙ্গে ফুট মেরকাতোকে নেইমার বলেন, ‘আমাকে অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে। জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।’

সান্তোস তারকা নিশ্চিত করেছেন, জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি।

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো টুর্নামেন্টে মাত্র অল্প কিছু মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন সান্তোসের এই তারকা। নরওয়ের বিপক্ষে শেষ ম্যাচে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটিও আসে তার পা থেকে।

২০১০ সালে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলের সিনিয়র দলে অভিষেক হয় নেইমারের। দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯টি অ্যাসিস্ট করে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে জায়গা করে নেন। তবে আক্ষেপ জাতীয় দলের হয়ে ট্রফি জিততে না পারা।

জেআর