জাতীয় দল থেকে হুট করে বিদায়, কোচের সঙ্গে দূরত্ব আর সতীর্থদের সমর্থন হারানোর গুঞ্জন সব মিলিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল অধ্যায় নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।
নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে একাদশে জায়গা না পাওয়া এবং পরের ম্যাচে শুরুর একাদশে থাকবেন না, এমন গুঞ্জনের মধ্যেই হুট করে পর্তুগালের ট্রেনিং ক্যাম্প ছেড়ে যান রোনালদো।
এরপরই শুরু হয় রোনালদোর আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা। তবে কোচ হোর্হে জেসুস স্পষ্ট করে দিয়েছেন রোনালদো চাইলে পর্তুগালের জার্সিতে তার ফেরার পথ খোলা।
জেসুসের ভাষায়, পরের স্কোয়াডে রোনালদোকে পাওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। তবে জাতীয় দলে নিজের অধ্যায়ের সমাপ্তি কীভাবে টানবেন, সেই সিদ্ধান্ত পুরোপুরি রোনালদোর। ক্ষমা চাওয়ার গুঞ্জন থাকলেও এ ব্যাপারটি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন কোচ।
আরও পড়ুন:
এদিকে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রুয়েনসাও রোনালদোর পাশে দাঁড়িয়েছেন। তার মতে, পারফরম্যান্স ও যোগ্যতার কারণেই জাতীয় দলে জায়গা পাওয়ার দাবি রাখেন পর্তুগালের সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার ও গোলের মালিক।
রোনালদোকে ছাড়া অবশ্য ছন্দে আছে পর্তুগাল। ডেনমার্ককে ৪-২ এবং নরওয়েকে ২-১ গোলে হারিয়ে নেশনস কাপের গ্রুপ-ডি এর শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
তবে জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের দাবি, সমস্যা শুধু কোচের সঙ্গে নয়; রোনালদো নাকি সতীর্থদের আগের মতো সমর্থনও পাচ্ছেন না। তার মতে, অসাধারণ ক্যারিয়ারের কারণে রোনালদোর বিদায়টা আরও মর্যাদাপূর্ণ হওয়া উচিত ছিলো।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচের আগে ক্যাম্প ছেড়ে রিয়াদে ফিরে যাওয়া রোনালদোকে আগামী আন্তর্জাতিক উইন্ডোতেই ফেরানোর আশা করছেন জেসুস। ১৪ নভেম্বর আবার ডেনমার্কের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল, তিন দিন পর ওয়েলসের বিপক্ষে তাদের অ্যাওয়ে ম্যাচ।




